logo

ম্যাচ না খেলায় মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে মামলা

ম্যাচ না খেলায় মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে মামলা

মাঠের বাইরের ঘটনায় আবারও আলোচনায় ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নির্ধারিত ম্যাচে না খেলায় এবার যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে বড় অঙ্কের মামলা হয়েছে।

মিয়ামিভিত্তিক ইভেন্ট প্রোমোটার ভিআইডি ফ্লোরিডায় এই মামলা করেছে, যেখানে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের একচেটিয়া অধিকার পেতে প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল প্রতিষ্ঠানটি। চুক্তির শর্ত ছিল, চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে।

কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি। তিনি গ্যালারিতে বসে ম্যাচ দেখেন, যার ফলে টিকিট বিক্রি ও স্পন্সরশিপে বড় ধাক্কা লাগে বলে দাবি করেছে ভিআইডি।

এখানেই শেষ নয়, মামলায় আরও উল্লেখ করা হয়েছে পরের দিনই মায়ামির হয়ে মাঠে নেমে গোলও করেন মেসি। এতে তার অনুপস্থিতির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে অভিযোগকারী পক্ষ।

পুয়ের্তো রিকোর ম্যাচ ঘিরেও জটিলতা তৈরি হয়। ভেন্যু পরিবর্তনের কারণে আয়োজকদের অতিরিক্ত ক্ষতি হয়েছে, যার পরিমাণ এক মিলিয়ন ডলারের বেশি বলে দাবি করা হয়েছে।

তবে ক্রীড়া দৃষ্টিকোণ থেকে মেসির পক্ষে যুক্তি হতে পারে, খেলোয়াড়ের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

সূত্র: নিউইয়র্ক পোস্ট