বিশ্বকাপ ফাইনালের ১০ দিন পর মায়ামির অনুশীলনে মেসি

বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার ১০ দিন পর ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দলের অনুশীলনে অংশ নেন মেসি। ইন্টার মায়ামির প্রকাশ করা ভিডিওতে দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে তাকে অনুশীলন মাঠে দেখা গেছে। তবে আগামী ম্যাচেই তিনি মাঠে ফিরবেন কি না, সেটি এখনো নিশ্চিত করেনি ক্লাবটি।
গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজের শহর রোজারিওতে ফিরে যান মেসি। অসুস্থ বাবা হোর্হে মেসির সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি।
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বিরতির পর মেজর লিগ সকারে দুটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। সব মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রয়েছে মায়ামি।
The arrivals hit different today 👋💗 pic.twitter.com/RofdUJE2kf
— Inter Miami CF (@InterMiamiCF) July 29, 2026
বিশ্রামের কারণে মেসি এমএলএস ও লিগা এমএক্সের তারকাদের মধ্যকার অলস্টার ম্যাচেও অংশ নেননি। একই কারণে ম্যাচটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তার আর্জেন্টিনা ও মায়ামি সতীর্থ রদ্রিগো দি পল।
মায়ামির পরবর্তী ম্যাচ ১ আগস্ট, কলম্বাস ক্রুর বিপক্ষে। ঘরের মাঠের সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। মেজর লিগ সকারে ১৭ ম্যাচে ১১ জয়, দুটি হার ও চার ড্রয়ে মায়ামির সংগ্রহ ৩৭ পয়েন্ট। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা দুই পয়েন্ট পিছিয়ে।
নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি। আট গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে স্পেনের কাছে হেরে ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ হারায় আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও ক্লাব পর্যায়ে মেসির সামনে এখনো বড় লক্ষ্য রয়েছে। মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে আছে। বিশ্বকাপের ক্লান্তি ও আক্ষেপ কাটিয়ে সেই অভিযানে নেতৃত্ব দিতেই আবার অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক।
.png)





-445f74.jpg)
