রোমে ফুটবলারকে জিম্মি করে সশস্ত্র ডাকাতি

ইতালির রাজধানী রোমে ভয়াবহ এক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এএস রোমার মিডফিল্ডার নীল এল আয়নাউইয়ের বাসায় গভীর রাতে ঢুকে তাকে ও তার পরিবারকে জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ৩টার দিকে ছয় মুখোশধারী ব্যক্তি রোমের ক্যাস্তেল ফুসানো এলাকায় অবস্থিত এল আয়নাউইয়ের অ্যাপার্টমেন্টে জোরপূর্বক প্রবেশ করে। তারা কালো পোশাকে সজ্জিত ছিল এবং অন্তত একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।
দুর্বৃত্তরা প্রথমে বসার ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর এল আয়নাউই, তার মা, সঙ্গী, ভাই ও ভাইয়ের সঙ্গীকে একটি কক্ষে আটকে রেখে পুরো বাসা তছনছ করে।
লুটের সময় প্রায় ১০ হাজার ইউরো মূল্যের গহনা, একটি রোলেক্স ঘড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতোমধ্যে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী একটি তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সূত্র: মার্কা.কম