Advertisement

বার্সার ৮৫২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিল সিটি

এশিয়া পোস্ট স্পোর্টস
বার্সার ৮৫২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিল সিটি
রদ্রির জন্য দ্বিতীয় প্রস্তাবও ফেরত দিল সিটি। ছবি: সংগৃহীত

স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজকে পেতে প্রস্তাবের অঙ্ক ২৫ শতাংশ বাড়িয়েও ম্যানচেস্টার সিটিকে রাজি করাতে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডারের জন্য কাতালান ক্লাবটির ছয় কোটি ইউরোর নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইংলিশ ক্লাবটি।

Advertisement

বাংলাদেশি মুদ্রায় বার্সেলোনার প্রস্তাবটির মূল্য প্রায় ৮৫২ কোটি টাকা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রদ্রিকে ছাড়তে অন্তত আট কোটি ইউরো চায় সিটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ১৩৬ কোটি টাকা।

রদ্রির জন্য বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ৪ কোটি ৮০ লাখ ইউরো। সেটি প্রত্যাখ্যাত হওয়ার পর অঙ্ক ২৫ শতাংশ বাড়িয়ে ছয় কোটি ইউরো করে তারা। তবে তাতেও সবুজ সংকেত দেয়নি সিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার ও ডেইলি এক্সপ্রেসের দাবি, আট কোটি ইউরোর কমে রদ্রিকে ছাড়বে না ইংলিশ ক্লাবটি। দ্য টাইমসও জানিয়েছে, বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সিটি।

বার্সেলোনা অবশ্য এখনো ছয় কোটি ইউরোর মধ্যেই চুক্তিটি শেষ করার আশা করছে। প্রস্তাবের একটি অংশ সরাসরি পরিশোধ এবং বাকিটা পারফরম্যান্সনির্ভর বোনাস হিসেবে দিতে চায় তারা। সিটির দাবি কমাতে সেই বোনাসের অঙ্ক বাড়ানোর চেষ্টা করতে পারেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

আলোচনায় বার্সেলোনার বড় শক্তি রদ্রির সম্মতি। স্পেন অধিনায়ক এরই মধ্যে কাতালান ক্লাবটিকে বেছে নিয়েছেন বলে জানিয়েছে এএস। ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে আলোচনার পর রিয়াল মাদ্রিদের পরিবর্তে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ চুক্তিতে আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তির প্রস্তাবে তিনি সাড়া না দেওয়ায় এবারের দলবদলেই তাকে বিক্রি করে অর্থ তুলে নেওয়ার সুযোগ রয়েছে ইংলিশ ক্লাবটির সামনে।

তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং সাবেক ব্যালন ডি’অরজয়ীকে সহজে ছাড়তে চায় না সিটি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন শতাধিক ম্যাচ খেলা রদ্রি সাম্প্রতিক সাফল্যের অন্যতম প্রধান কারিগর।

রদ্রির সম্ভাব্য দলবদল নিয়ে সিটির পক্ষে আলোচনা পরিচালনা করছেন ফেরান সোরিয়ানো ও ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা। শুক্রবার সিটির ক্যাম্পে যোগ দেওয়ার কথা রদ্রির। এর আগে দুই ক্লাবের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে তাকে বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শেষ করার অনুমতি দেওয়া হতে পারে।

রদ্রির বিকল্প হিসেবেও প্রস্তুতি নিচ্ছে সিটি। নটিংহাম ফরেস্ট থেকে এরই মধ্যে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে তারা। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দিকেও নজর রয়েছে ইংলিশ ক্লাবটির।

দুই পক্ষের মধ্যে দামের ব্যবধান এখন দুই কোটি ইউরো। তবে রদ্রির বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা এবং কাতালান ক্লাবটির দৃঢ় আগ্রহের কারণে আলোচনা ভেঙে যায়নি। শেষ পর্যন্ত বোনাসসহ নতুন কোনো কাঠামোয় সমঝোতা হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

বার্সার ৮৫২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিল সিটি