logo
Advertisement

জোতার নামে বিদ্রূপ, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো

জোতার নামে বিদ্রূপ, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: ফিফা

প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার নাম ধরে তার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেসকে বিদ্রূপের অভিযোগ উঠেছে সৌদি ক্লাব আল তাওয়াউনের একদল সমর্থকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ওই দর্শকদের আজীবন স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। পর্তুগিজ তারকার আহ্বান, এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষকে।

শনিবার সৌদি লিগে আল তাওয়াউনের মাঠে খেলতে গিয়েছিল আল হিলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বাগতিক সমর্থকদের কাছাকাছি জায়গায় ফ্রিকিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আল হিলালের মিডফিল্ডার নেভেস। এ সময় গ্যালারি থেকে বারবার ‘জোতা, জোতা’ স্লোগান শোনা যায়।

ঘটনার ভিডিওতে ইনস্টাগ্রামে মন্তব্য করে রোনালদো লিখেছেন, ‘লিগকে ব্যবস্থা নিতে হবে এবং দর্শকদের এমন আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়, সবকিছুর একটা সীমা থাকা দরকার। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’

রোনালদো ইনস্টাগ্রামে ঘটনার এক ভিডিওতে কমেন্ট করেন।
রোনালদো ইনস্টাগ্রামে ঘটনার এক ভিডিওতে কমেন্ট করেন।

আল নাসরের হয়ে খেলা রোনালদো পর্তুগাল জাতীয় দলে নেভেসের সতীর্থ। জোতার সঙ্গেও দীর্ঘদিন খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হলেও এমন ঘটনায় নেভেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগাল অধিনায়ক।

ভিডিওতে নেভেসকে প্রথমে ব্যঙ্গের ভঙ্গিতে হাততালি দিতে দেখা যায়। এরপর আকাশের দিকে আঙুল তুলে এবং নিজের চোখের দিকে ইশারা করে গ্যালারির ওই অংশের দর্শকদের প্রতিক্রিয়া জানান তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় নেভেস বলেন, ‘ওরা যা করেছে, এরপর যেন আর প্রার্থনা করতে না যায়, এটুকুই আশা করি।’ ঘটনাটি নিয়ে তখন আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা। লিভারপুলের এই ফরোয়ার্ডের বয়স হয়েছিল ২৮ বছর। একই দুর্ঘটনায় প্রাণ হারান তার ২৫ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও।

নেভেস ও জোতার বন্ধুত্ব গড়ে উঠেছিল অনেক আগে। পর্তুগালের বয়সভিত্তিক দল ও পোর্তোয় একসঙ্গে খেলার পর ২০১৭ সালের জুলাইয়ে দুজনই যোগ দেন উলভারহ্যাম্পটনে। সেখানে তিন মৌসুম সতীর্থ ছিলেন তারা। একই এলাকায় থাকতেন, দুই পরিবারের মধ্যেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।

বন্ধুর স্মৃতি ধরে রাখতে নিজের বাঁ পায়ে জোতাকে আলিঙ্গন করার একটি ছবি উল্কি করিয়েছেন নেভেস। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন তিনি। গত বছরের আগস্টে পর্তুগাল জাতীয় দলে জোতার ২১ নম্বর জার্সিটি দেওয়া হয় নেভেসকে।

শনিবারের ম্যাচে আল তাওয়াউনকে ৬–০ গোলে হারিয়েছে আল হিলাল। গাব্রিয়েল মার্তিনেল্লি হ্যাটট্রিক করেন, জোড়া গোল করেন অলি ওয়াটকিন্স। এই জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সৌদি লিগের শীর্ষে ওঠে সিমোনে ইনজাগির দল।