৮৩৮ কোটি টাকায় ফরাসি ডিফেন্ডার নিচ্ছে চেলসি

ক্রিস্টাল প্যালেসের ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়াকে দলে নেওয়ার পথে ইংলিশ জায়ান্ট চেলসি। ২৬ বছর বয়সী এই সেন্টারব্যাকের দলবদল নিয়ে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে বলে খবর ব্রিটিশ সংবাদমাধ্যমের। ব্রিটিশ পাউন্ডে চুক্তির অঙ্ক পৌঁছাবে প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ডে বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় চুক্তিটির মূল্য প্রায় ৮৩৮ কোটি টাকা।
প্যালেস ইতিমধ্যে লাক্রোয়াকে দলবদলের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুমতি দিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র শেষ হলেই চুক্তিটি সম্পন্ন হতে পারে। তবে চেলসি কিংবা ক্রিস্টাল প্যালেস এখনো আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি।

২০২৪ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে প্যালেসে যোগ দিয়েছিলেন লাক্রোয়া। দুই মৌসুমে ক্লাবটির হয়ে ৯৮ ম্যাচ খেলেছেন তিনি। প্যালেসের এফএ কাপ ও উয়েফা কনফারেন্স লিগ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
গতি, শারীরিক সামর্থ্য ও বিপদজনক পরিস্থিতিতে কার্যকর রক্ষণের জন্য প্রিমিয়ার লিগে আলাদা পরিচিতি তৈরি করেছেন লাক্রোয়া। প্যালেসে যোগ দেওয়ার পর থেকে লিগের দ্রুততম পাঁচ সেন্টারব্যাকের একজন তিনি। প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার সেট পিস ডিফেন্ড করার ক্ষেত্রেও এগিয়ে।
লাক্রোয়াকে নেওয়ার আলোচনার সময় প্যালেসকে নিজেদের কয়েকজন বিক্রিযোগ্য ডিফেন্ডারের সঙ্গে কথা বলার সুযোগও দিয়েছে চেলসি। অ্যাক্সেল দিসাসি, ত্রেভো চালোবা ও বেনোয়া বাদিয়াশিলেকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহ রয়েছে। তাদের মধ্য থেকে কাউকে প্যালেস নিতে পারে কি না, সেটিও আলোচনায় রয়েছে।
জানুয়ারিতে মার্ক গেহিকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করার পর থেকেই নতুন সেন্টারব্যাক খুঁজছে প্যালেস। লাক্রোয়াও চলে গেলে তাদের রক্ষণভাগে আরও বড় শূন্যতা তৈরি হবে। বিকল্প হিসেবে অগসবুর্গের ক্রিসলাঁ মাতসিমাসহ কয়েকজনকে বিবেচনায় রেখেছে ক্লাবটি।
অন্যদিকে প্রিমিয়ার লিগে পরীক্ষিত একজন সেন্টারব্যাককে নিয়ে রক্ষণভাগ শক্তিশালী করতে চায় চেলসি। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে লাক্রোয়াই হতে যাচ্ছেন তাদের নতুন বড় বিনিয়োগ।
.png)






