logo

এবার নিজেই অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

এবার নিজেই অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নিজেই অবসরের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘CazéTV’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, সামনে কী আছে তা তিনি নিজেও নিশ্চিত নন। বছরের শেষে হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিতে পারেন—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে, আগামী বছর কী হবে—আমি জানি না। হয়তো ডিসেম্বর আসবে, আর আমি অবসর নিতে চাইব। এই মুহূর্তে আমি বছর ধরে ভাবছি। এই বছরটা সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের কারণেও। আমার জন্যও এটা বড় চ্যালেঞ্জ।’

সম্প্রতি চোট ও ফিটনেস সমস্যা নিয়ে সমালোচনার মুখে পড়লেও নেইমার জানান, শতভাগ ফিট হয়ে ফেরার লক্ষ্যেই তিনি কিছু ম্যাচে বিশ্রাম নিয়েছেন।

‘আমি চেয়েছিলাম এই মৌসুমে ১০০ শতাংশ ফিট হয়ে ফিরতে। এজন্য কিছু ম্যাচে নিজেকে বিশ্রাম দিয়েছি, ভালোভাবে যত্ন নিয়েছি। অনেকেই নানা কথা বলে, কিন্তু তারা জানে না প্রতিদিন কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সান্তোস পরিকল্পনায় আমাকে অনেক সহায়তা করেছে,’ যোগ করেন তিনি।

নেইমারের ভাষ্য অনুযায়ী, তিনি এখন ‘বছর ধরে’ ভাবছেন এবং শেষ পর্যন্ত হৃদয়ের সিদ্ধান্তই মানবেন।

‘অনেক পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আমি শতভাগে পৌঁছাতে চাই। এরপর কী হবে জানি না। হয়তো ডিসেম্বরেই অবসর নেব—হয়তো নেব না। যা আমার হৃদয় বলবে, সেটাই করব।’

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ সময় চলছে। এমন প্রেক্ষাপটে নেইমারের এই মন্তব্য নিশ্চয়ই চিন্তায় ফেলবে ব্রাজিল ভক্তদের।