Advertisement

ইসরায়েলি ফুটবলারকে দলে নিয়ে বিতর্কে ওয়েস্ট হ্যাম

এশিয়া পোস্ট স্পোর্টস
ইসরায়েলি ফুটবলারকে দলে নিয়ে বিতর্কে ওয়েস্ট হ্যাম
ইসরায়েলি ফুটবলার মানর সলোমোন। গ্রাফিক্স: ফুটবলিং ফ্যাক্টস

ইসরায়েলি উইঙ্গার মানর সলোমনকে দলে নেওয়ার পর ফিলিস্তিনপন্থী ফুটবল সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে দেশটির পক্ষে সলোমনের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে সামনে এসেছে।

Advertisement

টটেনহাম থেকে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ওয়েস্ট হ্যাম। চুক্তিটি আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। ক্লাব দলবদলের অঙ্ক প্রকাশ না করলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৫০ লাখ পাউন্ড পরিশোধ করবে ওয়েস্ট হ্যাম। বিভিন্ন শর্ত পূরণ হলে অঙ্কটি বেড়ে ৭০ লাখ পাউন্ড হতে পারে।

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত ওয়েস্ট হ্যামের এবার প্রধান লক্ষ্য দ্রুত শীর্ষ স্তরে ফিরে আসা। মাঠের পারফরম্যান্স বিবেচনায় সলোমনের অন্তর্ভুক্তির পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে। শাখতার দোনেৎস্কের হয়ে দুটি ইউক্রেনিয়ান লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

ফুলহামের হয়ে টানা চারটি প্রিমিয়ার লিগ ম্যাচে গোল করার কীর্তিও রয়েছে সলোমনের। ২০২৪-২৫ মৌসুমে লিডস ইউনাইটেডকে চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে ৩৯ ম্যাচে ১০ গোল ও ১২টি গোলে সহায়তা করেছিলেন তিনি।

তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে ওয়েস্ট হ্যামে যোগ দেওয়ার পর তার রাজনৈতিক অবস্থান নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কয়েক সপ্তাহ পর ইনস্টাগ্রামে সলোমন লিখেছিলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’ অনুসারীদের ‘ইসরায়েলের জন্য প্রার্থনা’ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

গাজায় ইসরায়েলি হামলার মধ্যে একটি পোস্ট শেয়ার করে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের মানুষ হত্যা করে ইসরায়েলকে দায়ী করার অভিযোগ তুলেছিলেন সলোমন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘অল আইজ অন রাফাহ’ প্রচারের জবাবে তিনি লিখেছিলেন, ‘৭ অক্টোবর আপনাদের চোখ কোথায় ছিল?’

ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য প্রচার চালানো এবং সতীর্থদের কাছে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করার কথাও প্রকাশ্যে জানিয়েছেন সলোমন।

তার দলবদল নিয়ে ওয়েস্ট হ্যামের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে অনেকেই ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখেছেন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা দিয়ে সলোমনকে দলে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। আবার ইসরায়েলের পতাকা ব্যবহার করে তার প্রতি সমর্থনও জানিয়েছেন অন্যরা।

ওয়েস্ট হ্যামের আজীবন সমর্থক ও মৌসুমি টিকিটধারী ক্যালাম গর্ডন অবশ্য রাজনীতি ও ফুটবলকে আলাদা রাখতে চান। তিনি বলেন, ‘আমি রাজনীতি ও ফুটবলকে আলাদা রাখতে পছন্দ করি। খেলোয়াড় হিসেবে সে দলকে কী দিতে পারে, সেদিকেই মনোযোগ দিতে চাই।’

কিন্তু আরেক সমর্থক আইওলা রাইট মনে করেন, সলোমনের সামাজিক যোগাযোগমাধ্যমের অবস্থান ক্লাব ও সমর্থকদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, ‘সে যে ভালো ফুটবলার, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে এই মৌসুমে দলের ঐক্য এবং ক্লাবের সঙ্গে সমর্থকদের সংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দলবদল দুটি বিষয়েই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

এর আগেও সলোমনের দলবদলকে কেন্দ্র করে একই ধরনের বিতর্ক হয়েছিল। ২০২৫ সালে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর ফিলিস্তিনপন্থী সমর্থকেরা তাকে বয়কটের আহ্বান জানিয়েছিলেন। সেভিয়ার মাঠে ফিলিস্তিনের পতাকা দেখানোর পাশাপাশি তাকে দুয়োও দেওয়া হয়েছিল।

লিডসের হয়ে খেলার সময় সলোমনকে নিয়ে সমর্থকদের একটি গানে তিনি ‘ফিলিস্তিনকে ঘৃণা করেন’ বলে উল্লেখ করা হয়েছিল। গানটির নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সমর্থকদের নিষিদ্ধ করার সতর্কতা দিয়েছিল লিডস।

ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সলোমনের সম্পৃক্ততাও সমালোচনার একটি কারণ। ২০১৮ সালে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা স্পোর্ট জানিয়েছিল, পেশাদার ফুটবলার থাকা অবস্থায় প্রাথমিক সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। পরে অভিজাত ক্রীড়াবিদের মর্যাদা পাওয়ায় বিদেশে ফুটবল খেলার জন্য তুলনামূলক শিথিল শর্ত পেয়েছিলেন।

তবে সলোমন কোনো যুদ্ধরত ইউনিটে দায়িত্ব পালন করেছেন কিংবা ব্যক্তিগতভাবে কোনো নির্যাতনে জড়িত ছিলেন, এমন প্রমাণ নেই।

গাজার ক্রীড়া সাংবাদিক আবুবকর আবেদ মনে করেন, সলোমনকে দলে নেওয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ফুটবলের দ্বৈতনীতি তুলে ধরেছে। তিনি বলেন, ‘ইউরোপ ও যুক্তরাজ্যের বেশির ভাগ ক্লাব এবং ফুটবল সংস্থা চরম ভণ্ডামি ও বেছে বেছে ক্ষোভ দেখানোর নীতিতে ডুবে আছে।’

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের হিসাবে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত গাজার ক্রীড়াঙ্গনের ১ হাজার ৭ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন ৫৬৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬৫টি ক্রীড়া স্থাপনা।

ইসরায়েলি ফুটবলারকে দলে নিয়ে বিতর্কে ওয়েস্ট হ্যাম