logo

লড়াই করেও চীনের কাছে হার বাংলাদেশের

লড়াই করেও চীনের কাছে হার বাংলাদেশের

চাপের মুখে দাঁড়িয়ে লড়াইটা ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত ফল বদলানো গেল না। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও হারের পর আজকের ম্যাচে লক্ষ্য ছিল ভুল কমানো। সে জায়গায় উন্নতি চোখে পড়েছে। তবে প্রতিপক্ষের মানের পার্থক্য শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই চীনের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। প্রথমার্ধের শেষ দিকে কয়েক মিনিটের মধ্যে তিনটি দারুণ সেভ করে দলকে খেলায় রাখেন তিনি।

বাংলাদেশও পুরোপুরি রক্ষণে সীমাবদ্ধ ছিল না। পাল্টা আক্রমণে সাগরিকার একটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা ঠেকিয়ে দেন চীনের গোলরক্ষক। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরু থেকেই ছন্দ বদলে যায়। খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই গোল খায় বাংলাদেশ। ডিফেন্সের ফাঁক গলে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন ইউ শিন গুয়ে। দীর্ঘ সময়ের প্রতিরোধ সেখানেই প্রথম ধাক্কা খায়।

এরপরও হাল ছাড়েনি দল। মাঝেমধ্যে আক্রমণে উঠেছে, আবার রক্ষণেও লড়েছে। ৭১ মিনিটে মিলি আক্তার আবারও অসাধারণ এক সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

তবে শেষ রক্ষা হয়নি। ৮২ মিনিটে ওয়াং আইফাংয়ের ফ্রি কিক সরাসরি জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-০। বল স্পর্শ করেও ঠেকাতে পারেননি মিলি।

ম্যাচের শেষ দিকে আরও গোল খাওয়ার শঙ্কা ছিল। একবার বল ক্রসবারের ওপর দিয়ে যায়, আরেকটি শট ঠেকান মিলি নিজেই।

টানা দুই ম্যাচ হারের পরও বাংলাদেশের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আগামী ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে শেষ ম্যাচটি এখন অনেক বড় হয়ে উঠেছে। সেই ম্যাচে জয় পেলে সেরা তৃতীয় দল হিসেবে পরের পর্বে ওঠার সম্ভাবনা থাকবে।