সিটির মামলায় দীর্ঘ অপেক্ষার আভাস

ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের মামলার শেষ দেখতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। এমন আভাস দিয়েছেন ক্লাবের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো। প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব যখন দ্রুত রায় প্রকাশ চাইছে, তখন নিজেদের নির্দোষ প্রমাণে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
সোমবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের বোর্ড সভায় বিষয়টি নিয়ে কথা বলেন সোরিয়ানো। সেখানে তিনি জানান, স্বাধীন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে সিটি একমত নয়। ক্লাব এখনো লড়ছে এবং শেষ পর্যন্ত নিজেদের অবস্থান সঠিক প্রমাণের বিষয়ে আত্মবিশ্বাসী।
বৈঠকে উপস্থিত সূত্রের বরাতে বার্তা সংস্থা পিএ জানিয়েছে, সোরিয়ানো বলেন, ‘এখানে পৌঁছাতে আট বছর লেগেছে, আরও অনেক সময় লাগবে।’
তবে সভার ভেতরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেও বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি সিটির প্রধান নির্বাহী।
গত শুক্রবার খবর প্রকাশিত হয়, প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে সিটিকে দোষী সাব্যস্ত করেছে স্বাধীন কমিশন। সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকেও এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো কোনো শাস্তি ঘোষণা হয়নি, প্রক্রিয়াও শেষ হয়নি।
এর আগে সমর্থকদের উদ্দেশে খোলা চিঠিতে একই অবস্থানের কথা জানিয়েছেন সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক। তিনি লিখেছেন, ‘ক্লাবকে নির্দোষ প্রমাণের বিষয়ে আমাদের আত্মবিশ্বাস ও সংকল্প শুরুর মতোই অটুট।’
সিটির ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে আল মোবারক জানান, নিজেদের অবস্থান নিয়ে কেন তাঁরা এত আত্মবিশ্বাসী, তা সমর্থকদের বিস্তারিত জানাতে চান। কিন্তু আইনি প্রক্রিয়ার গোপনীয়তার কারণে এখন সেটি সম্ভব হচ্ছে না।
সিটির বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে সঠিক আর্থিক তথ্য না দেওয়া, খেলোয়াড় ও কোচের পারিশ্রমিকের পূর্ণ বিবরণ গোপন করা এবং প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করা। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ক্লাবটি।
