বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভিয়েতনাম

বাংলাদেশের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী ভিয়েতনাম, তবে লাল-সবুজকে মোটেও হালকাভাবে নিচ্ছে না দলটি। প্রধান কোচ কিম সাং-শিক স্পষ্ট করে দিয়েছেন— এই ম্যাচে তাদের লক্ষ্য একটাই, জয়।
দীর্ঘদিন পর পুরো দল একসঙ্গে হওয়ায় সন্তুষ্ট কোচ। তিনি বলেন, ‘অনেক দিন পর পুরো দল একসঙ্গে হয়েছে। নতুন খেলোয়াড়দের অবদান দেখার জন্য আমি অপেক্ষা করছি, বিশেষ করে হোয়াং হেন। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি, যাতে সমর্থকদের আনন্দ দিতে পারি।’
হোয়াং হেনকে নিয়ে বিশেষ আশাবাদী কিম সাং-শিক। তার ভাষায়, ‘পাঁচ বছর ভি-লিগে খেলে সে নিজের মান প্রমাণ করেছে। এখন জাতীয় দলে খেলার সুযোগ পাওয়াটা তার প্রাপ্য।’
আক্রমণে তাকে বিভিন্নভাবে ব্যবহার করার পরিকল্পনাও জানিয়েছেন তিনি। ‘জুয়ান সন ও হোয়াং হেনকে নিয়ে আমরা দুই স্ট্রাইকার হিসেবেও খেলাতে পারি, আবার একজনকে উইংয়েও ব্যবহার করা যেতে পারে,’ বলেন কোচ।
দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুয়ান সনের ইনজুরি নিয়েও আপডেট দেন কিম। ‘সে ছোট একটি চোট থেকে সেরে উঠেছে। আমরা তাকে পর্যবেক্ষণে রাখছি, যেন সে সেরা পারফরম্যান্স দিতে পারে,’—যোগ করেন তিনি।
ডিফেন্সে ভরসা রাখছেন ভ্যান হাউ ও দিন ত্রংয়ের ওপর। কোচ বলেন, ‘ওরা দুজনই ভি-লিগে ভালো খেলছে এবং দলে ফেরার যোগ্যতা অর্জন করেছে। তাদের উপস্থিতিতে রক্ষণভাগ আরও শক্ত হবে।’
বাংলাদেশ দল নিয়েও সতর্ক ভিয়েতনাম। কিম সাং-শিক বলেন, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ অনেক বদলেছে। কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড—সবখানেই পরিবর্তন এসেছে। বিদেশে খেলা কিছু খেলোয়াড় তাদের দলে যোগ হয়েছে, ফলে দলটি এখন আগের চেয়ে শক্তিশালী।’
বিশেষ করে হামজাকে নিয়ে আলাদা করে নজর রাখছে ভিয়েতনাম। ‘আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, কীভাবে তাকে মোকাবিলা করা যায় তা বোঝার চেষ্টা করছি,’ জানান তিনি।
সব মিলিয়ে, প্রীতি ম্যাচ হলেও এটিকে গুরুত্ব দিয়েই দেখছে ভিয়েতনাম—আর বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারায় থাকতে চায় তারা।