Advertisement

ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ

এশিয়া পোস্ট স্পোর্টস
ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়ে ভারত সরে দাঁড়ানোয় প্রথম ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার জরুরি ভার্চুয়াল সভায় টুর্নামেন্টটির আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটি।

Advertisement

বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের মাটিতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন এবং আসিয়ান কাপে অংশ নেওয়া নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় গিয়ে আসিয়ান কাপ খেলার পক্ষেই সিদ্ধান্ত দেন কমিটির সদস্যরা।

সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ছাঈদ হাছান কানন দেশের জাতীয় দৈনিক আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুটি বিকল্প ছিল, দেশে টুর্নামেন্ট আয়োজন অথবা ফিফার অর্থায়নে আসিয়ান কাপ খেলা। আমরা আসিয়ান কাপকেই অগ্রাধিকার দিয়েছি।’

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আট দলের প্রতিযোগিতাটি। ভারতের জায়গায় ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার আরেক আমন্ত্রিত দল পাকিস্তান।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। দুই রানার্সআপ খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। প্রতিযোগিতায় কোনো সেমিফাইনাল রাখা হয়নি।

ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত। একই সময়ে আসিয়ান কাপ থাকায় টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করে নেয় তারা। এরপর ভারতের জায়গায় বাংলাদেশ অথবা শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সুযোগটি পেল বাংলাদেশ।

সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক ম্যাচের সময় কাজে লাগাতে আগে থেকেই পরিকল্পনা করছিল বাফুফে। দেশে তিন বা চার দলের টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথাও বিবেচনায় ছিল। ভারতের প্রত্যাহারে আসিয়ান কাপে জায়গা পাওয়ায় সেই পরিকল্পনা এখন চূড়ান্ত রূপ পেল।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফিফার কাছ থেকে আর্থিক সহায়তাও পাবে বাংলাদেশ। আগামী নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে ইন্দোনেশিয়ার এই টুর্নামেন্ট জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হয়ে উঠবে।

ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ