ভারত সফরের আগে কেন ঢাকার মাঠ দেখে গেল ব্রাজিল

ভারতের বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচের আগে কলকাতার মাঠ নিয়ে উদ্বেগে পড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সল্টলেক স্টেডিয়ামের ঘাসের ঘনত্ব পরীক্ষা করে উন্নতির পরামর্শ দিয়েছে তারা। এর মধ্যেই কলকাতা থেকে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে সিবিএফের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। আকস্মিক এই সফরের কারণ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের প্রস্তুতি দেখতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সল্টলেক স্টেডিয়াম, অনুশীলন মাঠ, ড্রেসিংরুম, আবাসন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সিবিএফের প্রতিনিধিদলটি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের তথ্য অনুযায়ী, মাঠের ঘাসের ঘনত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিবিএফের কর্মকর্তারা। ঘাস যথেষ্ট ঘন না হলে খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। আরও বিস্তারিত পরীক্ষা করতে আগামী সপ্তাহে বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতার মাঠে কাজ করা কৃষিবিদ মারিসতেলা কুনকে কলকাতায় পাঠাবে সিবিএফ।
তবে এই উদ্বেগের কারণে ভারত-ব্রাজিল ম্যাচ বাতিল কিংবা ঢাকা স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হচ্ছে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সময়ের মধ্যে মাঠের প্রয়োজনীয় উন্নয়ন সম্ভব বলে মনে করছে সিবিএফ। ভারতীয় ফুটবল ফেডারেশন ও পশ্চিমবঙ্গ সরকারও প্রয়োজনীয় কাজ শেষ করার আশ্বাস দিয়েছে।
কলকাতার পর রোববার দুপুরে ঢাকায় আসে একই প্রতিনিধিদল। ব্রাজিল পুরুষ জাতীয় দলের মহাব্যবস্থাপক সের্হিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে কর্মকর্তারা প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন। নতুন করে তৈরি করা মাঠ, ঘাস, পানি দেওয়ার ব্যবস্থা, পানি নিষ্কাশনব্যবস্থা, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা পরীক্ষা করেন তাঁরা।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মাঠ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামকে ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার কিংবা বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা চুক্তি হয়নি।
স্টেডিয়ামের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। মাঠ প্রস্তুত হতে আরও প্রায় দুই সপ্তাহ লাগতে পারে বলে ব্রাজিলিয়ান প্রতিনিধিদের জানিয়েছে বাফুফে। প্রয়োজন হলে সব কাজ শেষ হওয়ার পর আবারও ঢাকায় এসে স্টেডিয়াম পরিদর্শনের কথা বলেছেন তাঁরা।
অস্ট্রেলিয়া সফর শেষে ভারতের পথে ব্রাজিল দল ঢাকায় এসে অনুশীলন করতে পারে বলেও আলোচনা তৈরি হয়েছে। তবে ইকবাল হোসেন জানিয়েছেন, এবারের পরিদর্শনের সময় এমন কোনো পরিকল্পনা নিয়ে কথা হয়নি। ফলে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ব্রাজিলের ঢাকায় অনুশীলনের সম্ভাবনাটি এখন পর্যন্ত অনুমানের মধ্যেই সীমাবদ্ধ।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথমটি টাউনসভিলে এবং দ্বিতীয়টি ব্রিসবেনে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা।
অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার সময়সূচি এবং কলকাতার কাছাকাছি ঢাকার অবস্থানের কারণে ব্রাজিলের প্রতিনিধিদলের এই সফর নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। আপাতত নিশ্চিত শুধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন। তবে ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচ কিংবা অনুশীলনের জন্য ঢাকাকে বিবেচনায় নেওয়া হতে পারে, এই সম্ভাবনার দুয়ার অন্তত খুলে দিয়ে গেছে সিবিএফের প্রতিনিধিদল।



