Advertisement

বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত মেসির

এশিয়া পোস্ট স্পোর্টস
বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত মেসির
মেসি। ছবি: গেটি ইমেজ

বাবার মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। প্রয়াত বাবাকে উদ্দেশ করে দেওয়া আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

Advertisement

মেসি অবশ্য এখনই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে ৩৯ বছর বয়সী বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায় তাঁর ফুটবল ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে। বাবাকে হারানোর পর প্রথমবার প্রকাশ্যে নিজের অনুভূতি জানাতে গিয়ে মেসি লেখেন, ‘আমি জানি না তোমাকে ছাড়া কী করব, কীভাবে এগিয়ে যাব। ফুটবল আর কত দিন চালিয়ে যাব, তা নিয়েও এখন বেশ সংশয়ে আছি।’

শৈশব থেকে মেসির ফুটবলজীবনের প্রতিটি পর্যায়ে পাশে ছিলেন হোর্হে। মাত্র ১৩ বছর বয়সে ছেলেকে নিয়ে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় চলে যান তিনি। পরবর্তী সময়ে মেসির প্রতিনিধি ও পরামর্শকের দায়িত্বও পালন করেন।

বাবাকে তাই শুধু অভিভাবক নয়, নিজের সবচেয়ে কাছের মানুষ হিসেবে উল্লেখ করেছেন মেসি। তিনি লেখেন, ‘তুমি ছিলে আমার বাবা, বন্ধু ও প্রতিনিধি। পরিস্থিতি অনুযায়ী সব সময় ঠিক মানুষটিই হয়ে উঠতে।’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সময় বাবার অসুস্থতা কতটা প্রভাব ফেলেছিল, সেটিও জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। হোর্হে বারবার ছেলেকে শেষবারের মতো বিশ্বকাপে খেলার অনুরোধ করেছিলেন। কিন্তু প্রতিযোগিতা শুরুর ঠিক আগে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

মেসির আশা ছিল, আর্জেন্টিনা ফাইনালে উঠলে তত দিনে বাবা সুস্থ হয়ে খেলা দেখতে আসতে পারবেন। প্রতিটি ম্যাচের পর বাবার বার্তার অপেক্ষায় থাকতেন তিনি। সেই বার্তা না আসতেই পরিস্থিতির গুরুতরতা বুঝতে পেরেছিলেন।

তারপরও বাবাকে আরেকটি বিশ্বকাপ দেখানোর আশায় যত দূর সম্ভব এগিয়ে যেতে চেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও হোর্হে মাঠে উপস্থিত থাকতে পারেননি। স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্নও পূরণ হয়নি মেসিদের।

বাবার জন্য ট্রফি জিততে চাইলেও শেষ পর্যন্ত শরীর আর সায় দেয়নি বলে জানিয়েছেন মেসি। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় ফেরার পর বাবার সঙ্গে টুর্নামেন্ট নিয়েও ঠিকভাবে কথা বলতে পারেননি তিনি। অসুস্থতার কারণে তার বাবা তখন মনে করেছিলেন, আর্জেন্টিনা ফাইনালটি টাইব্রেকারে হেরেছে।

মেসি জানিয়েছেন, ছোটবেলায় কাজ শেষে তাকে নিয়মিত অনুশীলনে নিয়ে যেতেন হোর্হে। ছেলের কোনো ম্যাচই তিনি বাদ দিতেন না। তবে ভালো খেললেও খুব বেশি প্রশংসা করার অভ্যাস ছিল না তার।

বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা নিজের সন্তানদের মধ্যেও ছড়িয়ে দিতে চান মেসি। পোস্টের শেষে বাবাকে ওপর থেকে পরিবারের প্রতি নজর রাখার অনুরোধ জানিয়ে সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও মেসির পোস্টে সমবেদনা জানিয়েছেন। পর্তুগিজ তারকা লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে ও তোমার পরিবারের সবাইকে বড় আলিঙ্গন। শক্ত থাকো, লিও।’

ইন্টার মায়ামি মেসিকে বাড়তি ছুটি দিয়েছে। তিনি কবে মাঠে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। বাবাকে হারানোর পর তাঁর আবেগঘন বক্তব্য সেই ফেরার অপেক্ষার সঙ্গে অবসরের আশঙ্কাও জুড়ে দিয়েছে।

বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত মেসির