Advertisement

ব্রাজিলকে ভারতে আনা ‘গরিবের বিয়েতে শাহরুখকে নাচানোর মতো’: ভুটিয়া

এশিয়া পোস্ট স্পোর্টস
ব্রাজিলকে ভারতে আনা ‘গরিবের বিয়েতে শাহরুখকে নাচানোর মতো’: ভুটিয়া
কোলাজে ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া, ব্রাজিল ফুটবল দল ও বলিউড তারকা শাহরুখ খান। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

একদিকে ভারত সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে দেশটির শীর্ষ ফুটবল লিগ থেকে সরে যাচ্ছে একটি ক্লাব, অনিশ্চিত নতুন মৌসুমের শুরুর তারিখ ও সম্প্রচার। ভারতীয় ফুটবলের এমন বিপরীতমুখী চিত্রের মধ্যেই ব্রাজিল ম্যাচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন দেশটির সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের মূল জাতীয় দল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গত ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে ম্যাচটির ঘোষণা দেয়।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ব্রাজিলই হবে র‌্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর ভারতের মুখোমুখি হওয়া সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে তাই স্বাভাবিকভাবেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

ভুটিয়া অবশ্য উচ্ছ্বাসের মধ্যেও ভারতীয় ফুটবলের বাস্তব অবস্থাটি সামনে এনেছেন। তার আপত্তি ব্রাজিলের আসা নিয়ে নয়, এমন একটি ম্যাচ আয়োজনের সময় ও অগ্রাধিকার নিয়ে।

স্পোর্টস্টারকে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি বলছি না ব্রাজিলের আসা উচিত নয়। কিন্তু ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থায় এই ম্যাচ থেকে আমরা আসলে কী অর্জন করতে চাই?’

এরপরই আলোচিত তুলনাটি টানেন ভুটিয়া। তার ভাষায়, বর্তমান অবস্থায় ব্রাজিলকে এনে ম্যাচ আয়োজন করা অনেকটা এমন, ‘একটি পরিবার ঠিকমতো খেতে পারছে না, অথচ ছেলের বিয়েতে শাহরুখ খানকে নাচাতে আনছে।’

ভারতের ঘরোয়া ফুটবলের সাম্প্রতিক ঘটনাগুলো ভুটিয়ার উদ্বেগকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। জামশেদপুর এফসি ২০২৬-২৭ মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। টাটা গ্রুপের মালিকানাধীন ক্লাবটি মূল দলের কার্যক্রমও বন্ধ করে দিচ্ছে।

রয়টার্স জানিয়েছে, নতুন আইএসএল মৌসুম কবে শুরু হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি। পাওয়া যায়নি সম্প্রচার সহযোগীও। গত মৌসুমে সংক্ষিপ্ত পরিসরে লিগ আয়োজন করা হয়েছিল। একই সময়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত নেমে গেছে ১৩৮তম স্থানে।

জামশেদপুরের সরে যাওয়ার সিদ্ধান্ত বদলাতে টাটা গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী। তার মতে, শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে টাটার মতো প্রতিষ্ঠানের বিদায় ভারতীয় ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।

ব্রাজিল ম্যাচের সূচি নিয়েও জটিলতা রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ফিফা আসিয়ান কাপ। সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত। প্রতিযোগিতার শেষ দিনেই কলকাতায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা তাদের।

দুই প্রতিযোগিতার সূচি কীভাবে সামলানো হবে, সেটি নিয়েই প্রশ্ন তুলেছেন ভুটিয়া। তার মতে, তারকাখচিত একটি প্রীতি ম্যাচের চেয়ে ভারতীয় ফুটবলের কাঠামোগত সংস্কার, ঘরোয়া লিগের স্থিতিশীলতা এবং ক্লাবগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন বেশি গুরুত্বপূর্ণ।

তবে ব্রাজিলের সাবেক ফুটবলার ও মোহনবাগানের কিংবদন্তি হোসে বারেতো ম্যাচটিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার মতে, ক্রিকেটপ্রধান ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ব্রাজিলের মতো দলকে আনা বড় ভূমিকা রাখতে পারে। ব্রাজিলের কোন তারকারা আসবেন, সেটি নিশ্চিত না হলেও মূল জাতীয় দলের খেলোয়াড়দের সামনে থেকে দেখাই ভারতীয় সমর্থকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হবে।

মাঠে দর্শক উপস্থিতি কিংবা আলোচনার দিক দিয়ে ম্যাচটি যে সফল হওয়ার সম্ভাবনা রাখে, তা নিয়ে সন্দেহ কম। কিন্তু ভুটিয়ার প্রশ্নটি অন্য জায়গায়। একটি বড় ম্যাচ আয়োজনের চাকচিক্য কি ভারতীয় ফুটবলের গভীরে জমে থাকা সংকটকে আড়াল করে দিচ্ছে?