হঠাৎ ঢাকা আসছেন ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হঠাৎ ঢাকায় আসছেন।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
ইনফান্তিনোর এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঢাকায় তার অবস্থান হবে স্বল্প সময়ের জন্য।
বাফুফে সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনসহ ট্রানজিটের আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগাম যোগাযোগ করা হয়েছে।
ঢাকায় যাত্রাবিরতির সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি।
মরক্কো থেকে থিম্পু যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও তাবিথ আউয়ালের সঙ্গে ইনফান্তিনোর আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।
