logo

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা গানাব্রি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা গানাব্রি

বিশ্বকাপের আগে জার্মানির জন্য বড় দুঃসংবাদ। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের তারকা ফরোয়ার্ড সার্জে গানাব্রি। নিজেই সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন জার্মান এই ফরোয়ার্ড।

ডান উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট পাওয়ায় সময়মতো সুস্থ হওয়া সম্ভব নয় গানাব্রির। ফলে বিশ্বকাপে দলের হয়ে খেলার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল তার। জার্মান কোচ জুলিয়েন ন্যাগেলসম্যানের জন্যও এটি বড় ধাক্কা, কারণ দলের আক্রমণভাগে গানাব্রি ছিলেন গুরুত্বপূর্ণ ভরসা।

চোট পাওয়ার আগে তার শেষ ম্যাচ ছিল বায়ার্ন মিউনিখের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। সেই ম্যাচের ৬১ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে, আর সেটিই হয়ে গেল মৌসুমে তার শেষ উপস্থিতি।

নিজের বার্তায় গানাব্রি জানিয়েছেন, গত কয়েকদিন তার জন্য কঠিন ছিল। বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যাওয়াটা মেনে নেওয়া সহজ নয়। তবে তিনি এখন পুনর্বাসনে মনোযোগ দিতে চান এবং ঘরে বসেই দলকে সমর্থন জানাবেন।

এই মৌসুমে বুন্দেসলিগায় ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন গ্নাব্রি। চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন ২ গোল, সঙ্গে ৫টি অ্যাসিস্ট। গুরুত্বপূর্ণ সময়ে এমন একজন খেলোয়াড়কে না পাওয়ায় জার্মানির আক্রমণভাগে নতুন সমাধান খুঁজতে হবে।