এমএলএসে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার
-1776349067-12350_1776349078.webp)
মেজর লিগ সকারে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হলেও আপাতত ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা নেই নেইমারের। নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটি নেইমারকে দলে ভেড়ানোর সম্ভাবনা যাচাই করেছে বলে খবর প্রকাশিত হয়। তবে এসব আলোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি।
নেইমার বলেন, ‘সত্যি বলতে পরের ট্রান্সফার উইন্ডোতে কী হবে আমি জানি না। আমার সান্তোসের সঙ্গে বছরের শেষ পর্যন্ত চুক্তি আছে এবং আমি সেটাই শেষ করতে চাই।’
চোটের কারণে চলতি বছরে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচে মাঠে নেমে করেছেন চার গোল, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।
চোট কাটিয়ে ফেরার পর সাম্প্রতিক ম্যাচেই গোল পেয়েছেন নেইমার। তবে দল হিসেবে সান্তোস প্রত্যাশা পূরণ করতে পারেনি। নিজেদের মাঠে ড্রয়ের পর দর্শকদের অসন্তোষের মুখেও পড়তে হয় তাদের।
ম্যাচ শেষে এক সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটিতেও জড়িয়ে পড়েন নেইমার।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, জেতা-হারার অংশই ফুটবল, উন্নতির জন্য কাজ চালিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, গুঞ্জন যতই থাকুক, এই মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সান্তোসেই থাকার দিকেই ঝুঁকছেন নেইমার।