logo

নাটকীয় ড্রয়ে শেষ ষোলোয় পিএসজি

নাটকীয় ড্রয়ে শেষ ষোলোয় পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) পথচলা খুব কমই ঝামেলাহীন হয়। প্রায় প্রতি মৌসুমেই তাদের ইউরোপ অভিযান নাটক, চাপ আর শেষ মুহূর্তের টানটান উত্তেজনায় ভরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেষ ষোলোত ওঠার প্লে-অফে মোনাকোর বিপক্ষে দ্বিতীয় লেগে পিছিয়ে পড়া থেকে শুরু করে বিতর্কিত লাল কার্ড—সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত ২-২ ড্র করেই চ্যাম্পিয়ন্স লিগে টিকে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচের শুরুটা অস্বস্তিকর ছিল লুইস এনরিকের দলের জন্য। আত্মবিশ্বাসী মোনাকো প্রথম থেকেই পিএসজিকে চাপে রাখে। মাঝমাঠে গতি আর আক্রমণে ধার দেখিয়ে তারা এগিয়েও যায়। পিএসজি ছিল ছন্দহীন, দিশাহারা। স্টেডিয়ামেও অস্বস্তির ছায়া স্পষ্ট।

পিএসজির জন্য ম্যাচের মোড় ঘোরে মোনাকোর ফুটবলার কুলিবালির দ্বিতীয় হলুদ কার্ডে। প্রথম সতর্কতা স্পষ্ট হলেও দ্বিতীয়টি নিয়ে বিতর্ক আছে—আশরাফ হাকিমির পতন অনেকের চোখে বাড়াবাড়ি মনে হয়েছে। তবে রেফারির সিদ্ধান্ত বদলায়নি। দশ জনে নেমে যাওয়ার পর বদলে যায় খেলার চিত্র।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দ্রুত সমতায় ফেরে পিএসজি। মারকিনিওস গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর খভিচা কভারাত্সখেলিয়ার গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। মনে হচ্ছিল, সব নিয়ন্ত্রণে চলে এসেছে।

তবে মোনাকো হার মানেনি। শেষ সময়ে তেজের গোলে সমতা ফেরে। যোগ করা সময়ে ফায়েসের হেড অল্পের জন্য বাইরে না গেলে ম্যাচ গড়াতে পারত অতিরিক্ত সময়ে। সেই মুহূর্তে সময় যেন থমকে গিয়েছিল। শেষ পর্যন্ত ভাগ্য পিএসজির পক্ষেই থাকে।

এখন শেষ ষোলোয় তাদের সামনে অপেক্ষা করছে বার্সেলোনা বা চেলসি। ইউরোপের মঞ্চে আবারও বড় পরীক্ষার সামনে লুইস এনরিকোর দল—এই নাটকীয় রাত শুধু তাদের টিকিয়ে রাখল, কিন্তু সতর্কবার্তাও দিয়ে গেল।