Advertisement

মায়ামিতে আবার কি এক হচ্ছেন মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী?

এশিয়া পোস্ট স্পোর্টস
মায়ামিতে আবার কি এক হচ্ছেন মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী?
আবারও এক হতে পারে সেই ঐতিহাসিক এমএসএন ত্রয়ী। ছবি: গেটি ইমেজ

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের ভয়ংকর আক্রমণভাগ একসময় প্রতিপক্ষের জন্য ছিল আতঙ্কের নাম। প্রায় এক দশক পর সেই ত্রয়ীকে আবার একই দলে দেখার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য গন্তব্য ইন্টার মায়ামি।

Advertisement

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হওয়ার পর তাকে দলে নেওয়ার সুযোগ বিবেচনা করতে পারে ইন্টার মায়ামি। ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি না হলে ২০২৭ সালের জানুয়ারিতে স্বাধীনভাবে পরবর্তী ক্লাব বেছে নিতে পারবেন তিনি।

তবে এখন পর্যন্ত নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে কোনো চুক্তি হয়নি। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার খবরও পাওয়া যায়নি। নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই মূলত মায়ামিতে তিন তারকার পুনর্মিলনের গুঞ্জন উসকে দিয়েছে।

সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার বলেছেন, ‘সান্তোসের সঙ্গে আমার চুক্তি ডিসেম্বর পর্যন্ত। আমি চুক্তির মেয়াদ পূর্ণ করতে এবং সান্তোসের জার্সিকে যথাসম্ভব সম্মান জানাতে চাই। এরপর ঠিক করব এখানে থাকব, চলে যাব, খেলা বন্ধ করব নাকি চালিয়ে যাব।’

নেইমারের এই বক্তব্যে ইন্টার মায়ামির নাম ছিল না। তবে ভবিষ্যতের সব সম্ভাবনাই খোলা রাখায় যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখছে স্প্যানিশ ও দক্ষিণ আমেরিকার সংবাদমাধ্যম।

মেসি বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ। সুয়ারেজও খেলছেন একই ক্লাবে। ফলে নেইমারকে নেওয়া গেলে বার্সেলোনার ঐতিহাসিক আক্রমণভাগকে আবার একত্র করার সুযোগ তৈরি হবে।

যদিও পুনর্মিলনের পথে একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা রয়েছে। ইন্টার মায়ামির সঙ্গে সুয়ারেজের বর্তমান চুক্তি কেবল ২০২৬ মৌসুম পর্যন্ত। নেইমার আগামী জানুয়ারিতে যোগ দিলেও তখন সুয়ারেজকে দলে রাখতে নতুন চুক্তি করতে হবে মায়ামিকে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগের বেতনসীমা ও খেলোয়াড় নিবন্ধনের নিয়মও সম্ভাব্য দলবদলকে কঠিন করে তুলতে পারে। নেইমারের বেতন, বয়স এবং সাম্প্রতিক বছরগুলোর চোটের ইতিহাস বিবেচনায় নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে মায়ামিকে।

মেসি, সুয়ারেজ ও নেইমার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন। তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা করেন ৩৬৪ গোল। এই সময়ে বার্সেলোনাকে নয়টি শিরোপা জেতান তারা। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল।

ক্রীড়াগত সাফল্যের পাশাপাশি তিন তারকার পুনর্মিলনের বাণিজ্যিক আকর্ষণও বিশাল। তবে আপাতত পুরো বিষয়টিই সম্ভাবনার পর্যায়ে। নেইমারের সান্তোস ছাড়ার সিদ্ধান্ত, সুয়ারেজের নতুন চুক্তি এবং ইন্টার মায়ামির আর্থিক পরিকল্পনা মিললেই কেবল মায়ামিতে দেখা যেতে পারে মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর শেষ অধ্যায়।

মায়ামিতে আবার কি এক হচ্ছেন মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী?