মাঠে অসুস্থ হয়ে প্রাণ হারালেন নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার

প্রীতি ম্যাচ খেলতে নেমে মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছেন নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার মাইকেল এনরামো। দেশটির ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।
শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনায় অনুষ্ঠিত একটি ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় হঠাৎ করেই মাঠে পড়ে যান ৪০ বছর বয়সি এই ফুটবলার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন এনরামো। ক্লাব ক্যারিয়ারে তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কে খেলেছেন তিনি। শক্তিশালী শারীরিক গঠন, পরিশ্রম আর গোল করার দক্ষতার জন্য ভক্তদের কাছে আলাদা জায়গা করে নিয়েছিলেন।
তিউনিসিয়ার ক্লাব এসপেরান্সে খেলার সময় সমর্থকদের দেওয়া ‘দ্য ট্যাংক’ ডাকনামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন এনরামো। ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে তিউনিসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে মূল পর্বে তুলতে ভূমিকা রাখেন। যদিও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার।
নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এই ঘটনাকে “মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে আফ্রিকার আরও কয়েকজন পরিচিত ফুটবলার একইভাবে মাঠে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। এই ধরনের ঘটনার পর খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি আবারও জোরালো হচ্ছে।
সূত্র: বিবিসি স্পোর্টস