নেশন্স কাপে তৃতীয় রয়েল অরেঞ্জ, সর্বোচ্চ গোলদাতা আরমান

থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ থিমের ৭-এ-সাইড নেশন্স কাপ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে তৃতীয় স্থান অর্জন করেছে রয়েল অরেঞ্জ। ১০ দেশের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক এই টুর্নামেন্টে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ফুটবলার আরমান হোসেন। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।
গ্রুপ পর্বে দারুণ শুরু করেছিল রয়েল অরেঞ্জ। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের কাছে ১-০ গোলে হারলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা।
পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় রয়েল অরেঞ্জ। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের বড় জয় তুলে নেয় দলটি। এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা রয়েল অরেঞ্জ।
সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই ছিল রুদ্ধশ্বাস। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন ভাঙে রয়েল অরেঞ্জের।
তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও নিজেদের সামর্থ্য দেখায় দলটি। শক্তিশালী যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে তৃতীয় স্থান অর্জনের গৌরব নিয়ে।
দলীয় সাফল্যের সঙ্গে ব্যক্তিগত অর্জন যোগ করেন আরমান হোসেন। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান।
আন্তর্জাতিক ৭-এ-সাইড টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রয়েল অরেঞ্জের এই অর্জন দেশের ফুটবলপ্রেমীদের জন্য ইতিবাচক খবর। দলটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল রূপায়ণ গ্রুপ, এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং মিডিয়া পার্টনার বাংলাদেশ ফুটবল লাইভ।
রয়েল অরেঞ্জের পথচলা
- গ্রুপ পর্ব: রয়েল অরেঞ্জ ২-১ ইংল্যান্ড
- গ্রুপ পর্ব: রয়েল অরেঞ্জ ০-১ মিয়ানমার
- গ্রুপ পর্ব: রয়েল অরেঞ্জ ২-০ যুক্তরাষ্ট্র
- গ্রুপ পর্ব: রয়েল অরেঞ্জ ৯-০ স্কটল্যান্ড
- সেমিফাইনাল: রয়েল অরেঞ্জ ১-১ আয়ারল্যান্ড, টাইব্রেকারে ২-৩
- তৃতীয় স্থান নির্ধারণী: রয়েল অরেঞ্জ ২-১ যুক্তরাষ্ট্র