logo

চোটে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দুজন

চোটে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দুজন
চোটে দলের সাথে থাকতে পারবেন না আলমাদা ও ফ্লয়েথ। কোলাজ ছবি: টিওয়াইসি স্পোর্টস

ঘরের মাঠে টানা তিন প্রীতি ম্যাচের আগে দুই ধাক্কা খেল আর্জেন্টিনা। চোটের কারণে লিওনেল স্কালোনির দল থেকে ছিটকে গেছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে কোনো ম্যাচেই খেলতে পারবেন না দুজন।

বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, চোটের কারণে তিন ম্যাচের সূচি থেকে আলমাদা ও ফয়েথকে বাদ দেওয়া হয়েছে। তবে তাদের বদলি হিসেবে নতুন কাউকে ডাকা হবে কি না, তা এখনো জানানো হয়নি।

রিভার প্লেটের হয়ে হুরাকানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র পাঁচ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল আলমাদাকে। পরে পরীক্ষায় তার কোয়াড্রিসেপে প্রথম মাত্রার পেশির চোট ধরা পড়ে। একই ম্যাচে চোট নিয়ে উঠে যাওয়া তোবিয়াস আন্দ্রাদা অবশ্য বড় ধরনের পেশির সমস্যা থেকে বেঁচে গেছেন এবং জাতীয় দলের সঙ্গে থাকছেন।

অন্যদিকে ফয়েথ সাম্প্রতিক সময়ে ভিয়ারিয়ালের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। পেশির সমস্যায় ভোগা এই ডিফেন্ডার এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকেও দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে, “হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা চোটের কারণে দেশের মাটিতে হতে যাওয়া তিনটি প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন।”

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের মুখোমুখি হবে স্কালোনির দল। শেষ দুই ম্যাচ হবে রিভার প্লেটের মাঠ মনুমেন্তালে।

বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে লিওনেল মেসির কারণে। ওই ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের একসঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে। চোটে তিন ম্যাচের দল থেকে ছিটকে গেলেও আলমাদা ও ফয়েথ সেই বিদায়ী আয়োজনের অংশ হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।