Advertisement

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

এশিয়া পোস্ট নিউজ
চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

দীর্ঘ নয় বছরের দারুণ এক অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি—ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত থাকলেও আগেভাগেই বিদায়ের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। ফলে চলতি মৌসুমই হবে অ্যানফিল্ডে সালাহর শেষ সময়।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় হয়ে উঠেছেন সালাহ। এই সময়ের মধ্যে তিনি জিতেছেন আটটি শিরোপা, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ ও ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ। ব্যক্তিগত অর্জনেও তিনি উজ্জ্বল—ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, ৪৩৫ ম্যাচে করেছেন ২৫৫ গোল।

— Liverpool FC (@LFC) March 24, 2026

চলতি মৌসুমে তার পারফরম্যান্স কিছুটা ম্লান হলেও সামগ্রিকভাবে লিভারপুলে তার প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে গত মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মৌসুমের মাঝামাঝি সময়ে কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল, এমনকি এক পর্যায়ে নিজেকে ‘বলির পাঁঠা’ বলেও মন্তব্য করেন সালাহ। তবে আফ্রিকান কাপ অব নেশনস শেষে আবার দলে ফিরে নিয়মিত খেলছেন তিনি।

ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে সালাহ বলেন, লিভারপুল তার কাছে শুধু একটি ক্লাব নয়—এটি একটি আবেগ, একটি ইতিহাস। সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ক্লাব সবসময় তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে।

লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুম শেষে সালাহকে ঘিরে বিশেষ বিদায়ী আয়োজন করা হবে। তার বিদায়ের মাধ্যমে ক্লাবের আধুনিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে।