logo

আলভারেজকে ধরে রাখতে অ্যাথলেটিকোর ‍১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

আলভারেজকে ধরে রাখতে অ্যাথলেটিকোর ‍১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

ইউরোপজুড়ে জোর গুঞ্জন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ কি অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন? বার্সেলোনা থেকে আর্সেনাল—বড় ক্লাবগুলোর আগ্রহের খবর ছড়িয়ে পড়তেই নিজেদের প্রধান তারকাকে ধরে রাখতে বড় পরিকল্পনা নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজের সঙ্গে নতুন চুক্তি করতে চায়, যেখানে তাকে দলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত করা হবে। প্রস্তাব অনুযায়ী, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বছরে প্রায় ১০ মিলিয়ন ইউরো আয় করতে পারেন—যার মধ্যে ৯ মিলিয়ন নির্দিষ্ট বেতন এবং বাকি অংশ পারফরম্যান্সভিত্তিক বোনাস।

বর্তমানে আলভারেজের বার্ষিক আয় প্রায় ৭ মিলিয়ন ইউরো। নতুন চুক্তি কার্যকর হলে তা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং তিনি সরাসরি ক্লাবের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় উঠে আসবেন—যেখানে এখন আছেন গোলরক্ষক ইয়ান ওব্লাক।

অ্যাথলেটিকোর সঙ্গে আলভারেজের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ থাকায় অন্য ক্লাবের জন্য তাকে সরাসরি দলে ভেড়ানো প্রায় অসম্ভব। তবুও ট্রান্সফার জল্পনা থামাতে এবং খেলোয়াড়কে আরও দৃঢ়ভাবে নিজেদের প্রকল্পের কেন্দ্রবিন্দুতে রাখতে চায় ক্লাবটি।

দুই মৌসুম আগে ম্যানচেস্টার সিটি থেকে দলে যোগ দেওয়ার পর থেকেই আলভারেজকে ভবিষ্যতের মুখ হিসেবে দেখছে অ্যাথলেটিকো। গ্রিজম্যানের উত্তরসূরি হিসেবে তাকে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন চুক্তির উদ্যোগ।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেনি দুই পক্ষ। ক্লাবের আগ্রহ সম্পর্কে অবগত থাকলেও আলভারেজ নিজে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে চান না। তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনো পুরোপুরি থামেনি।

তবে মাঠের বাইরে সুখবরও আছে অ্যাথলেটিকোর জন্য। মাদ্রিদে নিজের জীবন এবং ক্লাবের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আলভারেজ ও তার পরিবার। ফলে ক্লাবের ভেতরে বিশ্বাস—বিদায়ের চেয়ে চুক্তি নবায়নের সম্ভাবনাই বেশি।