ব্যালন ডি’অরে সিমিওনের পছন্দ মেসি

লামিন ইয়ামাল নিজেকে ও কিলিয়ান এমবাপ্পেকে এবারের ব্যালন ডি’অরের প্রধান দাবিদার মনে করছেন। তবে আতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের পছন্দ তাদের কেউ নন। তার ভোট থাকলে পুরস্কারটি যেত লিওনেল মেসির হাতেই।
ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমিওনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইয়ামাল ও এমবাপ্পের মধ্যে কাকে তিনি ব্যালন ডি’অর দেবেন। উত্তরে কোনো দ্বিধা না রেখেই মেসির নাম বলেন তিনি।
সিমিওনের ভাষায়, ‘মেসি। কোনো সন্দেহ নেই। যে বিশ্বকাপ সে খেলেছে, এই বয়সে এসে, কোনো সন্দেহ নেই- মেসি।’
৩৯ বছর বয়সী মেসি এবার আবারও ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার। টুর্নামেন্টে ৮ গোল ও ৪ সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।
বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তবে ইন্টার মায়ামির হয়ে তার পারফরম্যান্সও তাঁকে এবারের ব্যালন ডি’অর আলোচনায় রেখেছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে বিবেচ্য সময়ে ৪৯ ম্যাচে ৭৫টি গোল ও গোলে সহায়তা ছিল তাঁর।
এবারের পুরস্কারের লড়াই অবশ্য বেশ উন্মুক্ত। বিশ্বকাপজয়ী স্পেন ও বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ইয়ামাল ইতিমধ্যে বলেছেন, তিনি ও এমবাপ্পে বর্তমানে বিশ্বের সেরা দুই খেলোয়াড় এবং ব্যালন ডি’অর নিজের প্রাপ্য বলেও মনে করেন।
অন্যদিকে এমবাপ্পেও নিজেকে দাবিদার হিসেবে দেখছেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
মেসি এরই মধ্যে রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন। এবার জিতলে সংখ্যাটি দাঁড়াবে নয়। ২০২৬ সালের বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৬ অক্টোবর লন্ডনে।


