logo

ম্যানসিটি বিতর্কে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তথ্য প্রকাশের ঘোষণা

ম্যানসিটি বিতর্কে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তথ্য প্রকাশের ঘোষণা
ম্যানচেস্টার সিটিকে নিয়ে মন্তব্য করে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহাম। ছবি: কোলাজ

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মালিকদের সমর্থনে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ক্লাবটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের রায় নিয়ে বিতর্কের মধ্যেই এবার নিজের অতীত যোগাযোগের তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র থাকাকালে ম্যানসিটির মালিকপক্ষের সঙ্গে যেসব বৈঠক ও কাজ করেছেন, তার বিস্তারিত প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন বার্নহাম।

গত ২৯ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ম্যানসিটিকে দোষী সাব্যস্ত করে স্বাধীন কমিশন। রায়ের পর ক্লাবটির আবুধাবিভিত্তিক মালিকপক্ষের সম্ভাব্য বিদায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বার্নহাম। ম্যানচেস্টার শহরের অবকাঠামো উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

বার্নহামের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র থাকাকালে ম্যানসিটির সঙ্গে বার্নহামের সব ধরনের যোগাযোগের তথ্য প্রকাশের দাবি জানান তিনি। একই দাবি তোলে লিবারেল ডেমোক্র্যাটরাও।

এরপর ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে বার্নহাম জানান, তথ্য প্রকাশে তার কোনো আপত্তি নেই। সোমবার (১২ অক্টোবর) প্রচারের জন্য নির্ধারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা আমার বৈঠকগুলোর বিস্তারিত প্রকাশ করতে বলেছেন। এতে আমার কোনো আপত্তি নেই। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে তাদের সঙ্গে কাজ করার সব তথ্যই প্রকাশ করব।’

তবে ক্লাবটির মালিকদের সঙ্গে নিজের যোগাযোগ খুব বেশি ছিল না বলেও দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার ভাষায়, ‘বৈঠকগুলোর কোনোটিই সাম্প্রতিক সময়ের নয়। আসলে উল্লেখযোগ্য বৈঠক হয়েছিল মাত্র একটি, ২০২১ সালে। সেটির বিস্তারিতও প্রকাশ করব।’

ম্যানসিটির আর্থিক অনিয়মের মামলা এবং ম্যানচেস্টার শহরে ক্লাবটির মালিকদের বিনিয়োগকে আলাদা করে দেখার আহ্বান জানিয়েছেন বার্নহাম। তার মতে, দুটি ভিন্ন বিষয়কে এক করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘ফুটবলসংক্রান্ত বিষয়গুলো গুরুতর এবং সেগুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রক্রিয়াটি স্বাধীন, সেটিকে নিজের গতিতে চলতে দিতে হবে। তবে বিনিয়োগের বিষয়টি আলাদা করে দেখা উচিত। কারণ দুটি এক বিষয় নয়।’

প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশনের রায়ে ম্যানসিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে ভুয়া বাণিজ্যিক চুক্তির অভিযোগ তোলা হয়েছে। ম্যানসিটি এর মাধ্যমে প্রকৃত অর্থের উৎস আড়াল করে আয় বাড়িয়ে দেখায় বলে জানায় স্বাধীন তদন্ত কমিশন।

কমিশনের অনুসন্ধান অনুযায়ী, চুক্তির অর্থের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দিলেও বাকি অর্থ এসেছে ক্লাবের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের প্রতিষ্ঠান আবুধাবি ইউনাইটেড গ্রুপ থেকে।

ম্যানসিটি অবশ্য শুরু থেকেই আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। কমিশনের রায়ে আইনগত ও তথ্যগত গুরুতর ভুল রয়েছে দাবি করে গত ১ অক্টোবর আপিল করেছে ক্লাবটি।

বার্নহামের সিটিকে নিয়ে মন্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, ম্যানসিটির বিরুদ্ধে কমিশনের রায়কে সরকার গুরুতর বিষয় হিসেবেই দেখছে। অনিয়ম চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হলে দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানায় ডাউনিং স্ট্রিট।