logo
Advertisement

মেসির গোলে এগিয়েও শেষ মুহূর্তে জয় হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও শেষ মুহূর্তে জয় হারাল মায়ামি
ম্যাচে দুর্দান্ত এক গোল করেন মেসি। ছবি: গেটি ইমেজ

লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়া ম্যাচে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। সেই লিড ধরে নির্ধারিত সময়ও পার করে দেয় দলটি। কিন্তু যোগ করা সময়ে স্যাম সুরিজের গোলে বদলে যায় হিসাব। ন্যাশভিলের বিপক্ষে শেষ পর্যন্ত ২–২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।

বাংলাদেশ সময় রোববার সকালে মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। চতুর্থ মিনিটেই অ্যান্ডি নাহারের বাড়ানো বল ধরে ন্যাশভিলকে এগিয়ে দেন সুরিজ। তার শট কাসেমিরোর পায়ে লেগে গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে।

১৯ মিনিটে সমতায় ফেরে মায়ামি। ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ১–১। সেই সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

৬২ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে মায়ামিকে ২–১ গোলে এগিয়ে দেন মেসি।

চলতি এমএলএসে এটি মেসির ১৯তম গোল। এর মধ্য দিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন আর্জেন্টাইন তারকা।

এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল মায়ামি। কিন্তু ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে ও রক্ষণভাগের বাধা পেরিয়ে আর গোল করতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচে তিনবার পোস্টেও প্রতিহত হয়েছে মায়ামির চেষ্টা।

শেষ পর্যন্ত সেই সুযোগ নষ্টের মূল্য দিতে হয় যোগ করা সময়ের প্রথম মিনিটে। শাকুর মোহাম্মদের শটে দিক বদলে দিয়ে বল জালে পাঠান সুরিজ। নিজের দ্বিতীয় গোলে ন্যাশভিলকে সমতায় ফেরানোর পাশাপাশি মায়ামির জয়ও কেড়ে নেন ইংলিশ স্ট্রাইকার।

এই ড্রয়ে চলতি বছর মায়ামির বিপক্ষে অপরাজিত থাকল ন্যাশভিল। গত আগস্টে লিগের আগের দেখায় মেসিদের ৪–১ গোলে হারিয়েছিল দলটি।

পয়েন্ট ভাগাভাগিতে পূর্বাঞ্চলের শীর্ষ দুই দলের ব্যবধানও বদলায়নি। ম্যাচের আগে ন্যাশভিলের পয়েন্ট ছিল ৫৩, মায়ামির ৪৪। এবার দুই দলের পয়েন্ট যথাক্রমে ৫৪ ও ৪৫। ফলে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মেসিদের ব্যবধান থাকল ৯ পয়েন্টই।