logo

আটলেটিকোর দুর্গে আর্সেনালের অগ্নিপরীক্ষা

আটলেটিকোর দুর্গে আর্সেনালের অগ্নিপরীক্ষা

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায়।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এখনো অপরাজিত একমাত্র দল আর্সেনাল। ১২ ম্যাচে মাত্র ৫ গোল হজম করেছে মিকেল আরতেতার দল, যা সাধারণত ডিয়েগো সিমিওনের আটলেটিকোর সঙ্গে বেশি মানায়। তবে এবার আটলেটিকোও আগের চেয়ে বেশি আক্রমণাত্মক। চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচে ৩৪ গোল করেছে তারা, যদিও হজম করেছে ২৬ গোল। আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা জুলিয়ান আলভারেজ, যিনি একাই করেছেন ৯ গোল।

এই মৌসুমে এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছে দুই দল। অক্টোবরে লিগ পর্বে আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছিল আতলেতিকোকে। দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল গানাররা। তবে সেমিফাইনালের মঞ্চ আলাদা, আর মেত্রোপলিতানোর পরিবেশও আর্সেনালের জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক সময়ে আর্সেনালের পথ খুব মসৃণ ছিল না। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার, লিগেও গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেয়েছে তারা। তবু প্রিমিয়ার লিগের শীর্ষে আছে আর্সেনাল, যদিও সিটির হাতে একটি ম্যাচ বাকি আছে।

অন্যদিকে আটলেটিকো লা লিগায় চতুর্থ স্থানে। কোপা দেল রের ফাইনালে হারের পর সিমিওনের দলের সামনে মৌসুমে বড় শিরোপার শেষ আশা এখন চ্যাম্পিয়নস লিগ।