ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন পর্বের প্রথম লেগে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরুতে বল দখলে কিছুটা এগিয়ে ছিল সিটি। তবে ২০ মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়ার লম্বা পাস থেকে প্রথম গোলটি করেন ভালভার্দে। সিটির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তিনি বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাকে কাটিয়ে জালে বল জড়ান।
মাত্র সাত মিনিট পর আবারও আঘাত হানে রিয়াল। বাঁ দিক থেকে আক্রমণে উঠে ভিনিসিয়ুস জুনিয়রের পাসে বক্সে ঢুকে বাম পায়ে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে।
প্রথমার্ধের শেষদিকে আবারও জাদু দেখান উরুগুয়ের এই মিডফিল্ডার। ব্রাহিম দিয়াজের দারুণ পাস নিয়ন্ত্রণ করে রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। এতে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ হয় ভালভার্দের এবং ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল রিয়াল। ৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি পেলেও সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন দোনারুম্মা।
অন্যদিকে সিটি কয়েকবার আক্রমণে উঠলেও রিয়ালের রক্ষণভাগ এবং গোলরক্ষক কুর্তোয়ার সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। আর্লিং হলান্ডও পুরো ম্যাচে কার্যত নিষ্প্রভ ছিলেন।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বড় সুবিধা পেল স্প্যানিশ জায়ান্টরা। সামনের সপ্তাহে ম্যানসিটির ঘরের মাঠে লড়তে হবে দ্বিতীয় লেগে।