রেকর্ড গড়া চুক্তিতে ১৯ বছরের দিওমান্দেকে কিনল রিয়াল
-1db11f.webp)
জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ বছর বয়সী এই ফুটবলারের জন্য সব শর্ত পূরণ হলে স্প্যানিশ ক্লাবটির খরচ হতে পারে ১২ কোটি পাউন্ড বা ১৪ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার কোটি টাকা।
রিয়ালের সঙ্গে সাত বছরের চুক্তি করেছেন দিওমান্দে। দলবদলের পুরো অর্থ পরিশোধ করতে হলে তিনিই হতে পারেন ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। ২০২৩ সালে জুড বেলিংহামের জন্য বরুসিয়া ডর্টমুন্ডকে ১১ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছিল রিয়াল।
👋 Welcome Diomande 👋 pic.twitter.com/QxUAC7WjeI
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) August 6, 2026
দিওমান্দেকে পাওয়ার দৌড়ে একসময় এগিয়ে ছিল প্যারিস সেন্ট জার্মেই। তবে তাদের ১০ কোটি ২৫ লাখ পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আলোচনা থেকে সরে যায় ফরাসি ক্লাবটি। মোহাম্মদ সালাহর বিকল্প খুঁজতে থাকা লিভারপুলও জুনে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল লাইপজিগ।
নতুন কোচ হোসে মরিনিওর অধীনে গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের ষষ্ঠ সংযোজন দিওমান্দে। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
গত মৌসুমে বুন্দেসলিগায় ১২ গোলের পাশাপাশি আটটি গোলে সহায়তা করেন দিওমান্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ছিল ১৩টি, অ্যাসিস্ট ১০টি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগার সেরা তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্টের চারটি ম্যাচেই খেলেছিলেন দিওমান্দে। কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তার দল।
দুই প্রান্তেই খেলতে পারলেও রিয়ালের আক্রমণভাগের ডান দিকে দিওমান্দেকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। গতি, ড্রিবলিং ও একের বিপক্ষে এক লড়াইয়ে দক্ষতার পাশাপাশি নিজে গোল করা এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরির ক্ষমতাই তাকে ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণদের একজন বানিয়েছে।
আইভরি কোস্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি একাডেমিতে যাওয়ার পর ২০২৫ সালে স্পেনের লেগানেসে যোগ দিয়েছিলেন দিওমান্দে। একই বছর লাইপজিগে পাড়ি জমান তিনি। ইউরোপে প্রথম পূর্ণ মৌসুম শেষ করেই এবার পৌঁছে গেলেন রিয়াল মাদ্রিদে।
.png)

