logo

রাফিনিয়াকে নিয়ে ফ্লিকের পথেই আনচেলত্তি

রাফিনিয়াকে নিয়ে ফ্লিকের পথেই আনচেলত্তি
ফ্লিকের ফমূর্লায় রাফিনিয়াকে খেলানোর ইচ্ছে আনচেলত্তির। ছবি: মার্কা

বার্সেলোনায় হান্সি ফ্লিকের অধীনে নতুন ভূমিকায় সফল রাফিনিয়াকে এবার একইভাবে ব্যবহার করতে চান কার্লো আনচেলত্তি। ব্রাজিলের পরের ম্যাচে এই উইঙ্গারকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা করেছেন সেলেসাও কোচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ড্রয়ের পর দল নিয়ে সন্তুষ্ট ছিলেন না আনচেলত্তি। যোগ করা সময়ে রায়ানের গোলে হার এড়ালেও ব্রাজিলের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে। ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছিলেন, পরের ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসবে।

তিনি বলেন, ‘দলে একটু পরিবর্তন হবে। খুব বেশি নয়, তবে কিছুটা।’

সেই পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন রাফিনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ নম্বর জার্সিতে এন্ড্রিকের পেছনে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলেছিলেন তিনি। রায়ানের সমতাসূচক গোলেও সহায়তা করেন বার্সেলোনা তারকা।

তবে পরের ম্যাচে তাঁকে আরও সামনে দেখতে চান আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের তথ্য অনুযায়ী, অনুশীলনে রাফিনিয়াকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরীক্ষা করেছেন ব্রাজিল কোচ।

বার্সেলোনাতেও চলতি মৌসুমে একই ভূমিকায় খেলছেন রাফিনিয়া।

ফেরান তোরেস ও রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর তাকে ‘নম্বর নাইন’ হিসেবে ব্যবহার করছেন ফ্লিক। নতুন ভূমিকায় এখন পর্যন্ত ১৪ গোল করেছেন রাফিনিয়া, যার ১২টি লা লিগায় ও দুটি চ্যাম্পিয়নস লিগে। পাশাপাশি আছে তিনটি অ্যাসিস্ট।

অনুশীলনে আনচেলত্তি যে একাদশ পরীক্ষা করেছেন, সেখানে আক্রমণভাগে রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ছিলেন রাফিনিয়া। মাঝমাঠে ছিলেন দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের পর ধৈর্য ধরার কথাও বলেছেন আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। যারা কম খেলেছে, তাদের সুযোগ দিতে হবে এবং এগিয়ে যেতে হবে। এটা একটা পরীক্ষা ছিল, পরের ম্যাচও আরেকটা পরীক্ষা।’

আগামী মঙ্গলবার আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভারত। এই দুই ম্যাচেই রাফিনিয়ার নতুন ভূমিকায় চোখ থাকবে আলাদা করে।