Advertisement

পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন

এশিয়া পোস্ট স্পোর্টস
পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে (আইজিপি কাপ) চ্যাম্পিয়ন হয়েছে সিলেট রেঞ্জ।

শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে সিলেট রেঞ্জ।

চ্যাম্পিয়ন দলের জীবন ম্যাচসেরা এবং আমিরুল টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়াক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়।

আইজিপি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।’

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে আরও কর্মক্ষম করে তোলে।

খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের পরামর্শ দিয়ে আইজিপি বলেন, নিষ্ঠার সঙ্গে অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার এবং ক্লাবটির সাধারণ সম্পাদক শামীমা পারভীন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।