ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ভিএআরের ভুল স্বীকার

ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের যে গোলে সিটি ১-০ ব্যবধানে ইউনাইটেডকে হারিয়েছে, সেই গোলটি বৈধ ঘোষণা করা ঠিক হয়নি। ম্যাচের পর এমনটাই স্বীকার করেছে ইংল্যান্ডের রেফারিং সংস্থা প্রো রেফ। ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে ভুল ছিল বলেও জানিয়েছে তারা।
রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের এক ঘণ্টার মাথায় গোল করেন হালান্ড। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন সহকারী রেফারি। পরে ভিএআর পরীক্ষা করে দেখা যায়, হালান্ড নিজে অনসাইডে ছিলেন। এরপর সিদ্ধান্ত বদলে গোল দেওয়া হয়। সেটিই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়ে দাঁড়ায়।
সমস্যা ছিল একই আক্রমণে এনজো ফার্নান্দেজের অবস্থান নিয়ে। তিনি অফসাইডে থেকে বলটি হেড করার চেষ্টা করেছিলেন। যদিও তার মাথায় বল লাগেনি, প্রো রেফের মতে তার অবস্থান ও বল খেলার চেষ্টা রক্ষণভাগের ওপর প্রভাব ফেলেছে কি না, সেটি বিবেচনায় নেওয়া উচিত ছিল ভিএআরের।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঠের সিদ্ধান্ত ছিল আর্লিং হালান্ডের বিপক্ষে অফসাইড। ভিএআর পরীক্ষা করে দেখে তিনি অনসাইডে ছিলেন। একই আক্রমণে এনজো ফার্নান্দেজ বল স্পর্শ করেননি বলে তার অফসাইড অপরাধের বিষয়টি ব্যাখ্যানির্ভর হয়ে পড়ে। কিন্তু তার অবস্থানের সম্ভাব্য প্রভাবটি ভিএআর শনাক্ত করতে পারেনি এবং মাঠের রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি দেখার পরামর্শ দেওয়া উচিত ছিল।’
প্রো রেফ জানিয়েছে, ভুলটি স্বীকার করে ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাটি আলাদাভাবে পর্যালোচনাও করা হবে।
ম্যাচের পর সিদ্ধান্তটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। তার প্রশ্ন, রেফারিদের সহায়তায় এত প্রযুক্তি, লোকবল ও পর্দা থাকার পরও কীভাবে এমন সিদ্ধান্ত হয়। ‘আমি সত্যিই বুঝতে পারছি না। এতভাবে রেফারিদের সাহায্য করার পরও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না,’ বলেন ক্যারিক।
ভুল স্বীকার করা হলেও ম্যাচের ফল অবশ্য বদলাবে না। হালান্ডের সেই গোলেই ম্যানচেস্টার ডার্বিতে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সিটি।


-5e2ebc.webp)