logo

পিএসজি সমর্থকদের বিতর্কিত ব্যানার, উয়েফায় বার্সেলোনার অভিযোগ

পিএসজি সমর্থকদের বিতর্কিত ব্যানার, উয়েফায় বার্সেলোনার অভিযোগ
পিএসজির সেই ব্যানার। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাঠে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে হারের পর এবার মাঠের বাইরের ঘটনা নিয়ে সরব হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি বিতর্কিত ব্যানারের বিরুদ্ধে উয়েফায় অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি। বিশাল ওই ব্যানারে করাত দিয়ে বার্সেলোনার প্রতীক ধ্বংস করার দৃশ্য দেখানো হয়। সঙ্গে ছিল উসকানিমূলক স্লোগানও।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে প্যারিসের পার্ক দে প্রাঁসে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ শুরুর আগে গ্যালারির এক প্রান্তে বিশাল ব্যানার প্রদর্শন করেন পিএসজির উগ্র সমর্থকেরা। সেখানে রক্তমাখা করাত হাতে মুখোশধারী একটি চরিত্রকে বার্সেলোনার প্রতীক কেটে ফেলতে দেখা যায়।

ব্যানারে ফরাসি ভাষায় লেখা ছিল ‘Massacre à la parisienne’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘প্যারিসের কায়দায় হত্যাযজ্ঞ’। পুরো দৃশ্যটি মার্কিন ভৌতিক চলচ্চিত্র ‘দ্য টেক্সাস চেইন স ম্যাসাকার’-এর আদলে তৈরি করা হয়েছিল।

এমন ব্যানারে ক্ষুব্ধ হয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে উয়েফার প্রতিনিধির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ক্লাবটি। ব্যানারে সহিংসতার প্রকাশ্য চিত্র তুলে ধরার বিষয়টি অভিযোগের মূল কারণ।

শুধু বিশাল ব্যানারই নয়, ম্যাচ চলাকালে বার্সেলোনাকে উদ্দেশ করে অশালীন স্লোগানও দেন পিএসজির একাংশের সমর্থক। গ্যালারিতে বার্সেলোনাকে গালিগালাজ করে লেখা আরও কয়েকটি ব্যানার দেখা যায়। সেগুলো সরিয়ে নিতে উয়েফার নিরাপত্তাকর্মীদের অনুরোধ জানায় স্প্যানিশ ক্লাবটি। পরে কয়েকটি ব্যানার সরানো হয়।

এ ছাড়া পিএসজির প্রথম গোলের পর গ্যালারিতে আগুনের শিখা তৈরি করা আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়। দর্শকদের এমন আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিতর্কিত ব্যানারটি প্রদর্শনের বিষয়টি পিএসজির অনুমোদন পেয়েছিল বলে জানিয়েছে ফরাসি দৈনিক লেকিপ। তবে অভিযোগের বিষয়ে উয়েফা এখনো কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করেনি।

মাঠের লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফিরিয়েছিল হান্সি ফ্লিকের দল। তবে শেষ দিকে আরও দুটি গোল হজম করে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পায় কাতালানরা। ম্যাচের ফল ছাপিয়ে এবার আলোচনায় উঠে এসেছে প্যারিসের গ্যালারির বিতর্কিত সেই ব্যানার।