logo
Advertisement

ব্যালন ডি’অর বিতর্কে লামিনকে বায়ার্নের খোঁচা

ব্যালন ডি’অর বিতর্কে লামিনকে বায়ার্নের খোঁচা
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের সাম্প্রতিক মন্তব্যের জবাব দিলেন বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল। বার্সেলোনা তারকার নাম উল্লেখ করেই তার মন্তব্যের পাল্টা দিয়েছেন বায়ার্ন কর্তা।

ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবারলের কাছে জানতে চাওয়া হয়েছিল লামিনের বক্তব্য নিয়ে। জবাবে তিনি বলেন, ‘সেরা খেলোয়াড়দের কোনো প্রচারণার প্রয়োজন হয় না।’

এবার একই সঙ্গে বায়ার্নের মাইকেল ওলিসেকেও ব্যালন ডি’অরের শক্ত দাবিদার হিসেবে সামনে এনেছেন এবারল। ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিক করা ফরাসি উইঙ্গারকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলেও উল্লেখ করেন তিনি।

ব্যালন ডি’অর নিয়ে আলোচনার মধ্যেই সম্প্রতি লামিন বলেছিলেন, শুধু গোলসংখ্যা দিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচন করা উচিত নয়। তার মতে, সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা পুরস্কার রয়েছে, আর ব্যালন ডি’অর পাওয়া উচিত মাঠে যিনি সত্যিকার অর্থে অন্যদের চেয়ে আলাদা, তাকে।

লামিনের সেই বক্তব্যকে অনেকে বায়ার্ন ফরোয়ার্ড হ্যারি কেইনের সঙ্গে চলমান ব্যালন ডি’অর আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন। গোলসংখ্যার বিচারে এবারও দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার।

তবে লামিনের মন্তব্য নিয়ে সরাসরি বিতর্কে জড়াতে চাননি কেইন। বায়ার্নের জয়ের পর তিনি বলেন, ইয়ামাল অসাধারণ মৌসুম কাটিয়েছেন এবং ওলিসে, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিদের মতো আরও অনেকেই পুরস্কারটির দাবিদার।

নিজের সম্ভাবনা নিয়েও কেইনের বক্তব্য ছিল সংযত। তার ভাষ্য, ব্যালন ডি’অর কার হাতে যাবে সেটি তার নিয়ন্ত্রণে নেই, নিজের কাজটা তিনি মাঠেই করে যেতে চান।