logo
Advertisement

অস্ট্রেলিয়ার ফুটবলে ড্রয়ের নতুন সমাধান

অস্ট্রেলিয়ার ফুটবলে ড্রয়ের নতুন সমাধান
অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপে ৯০ মিনিটে ম্যাচ ড্র হলে সরাসরি পেনাল্টি টাইব্রেকার হবে, যেখানে জয়ী দল পাবে বাড়তি এক পয়েন্ট। ছবি: স্পোর্টস ফাইল

লিগ ফুটবল ম্যাচে ড্র মানেই দলগুলোর এক পয়েন্ট। তবে এবার ড্র হলেও শেষ হচ্ছে না লড়াই। ফুটবলে ড্র এর সমাধানে নতুন নিয়ম মাঠে প্রয়োগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। ম্যাচে ৯০ মিনিট সমতায় শেষ হলে সরাসরি পেনাল্টি টাইব্রেকারে যাবে ম্যাচ। সেখানে জেতা দল পাবে বাড়তি এক পয়েন্ট।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতায় ২০২৬ মৌসুম থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে দুই দল স্বাভাবিকভাবেই একটি করে পয়েন্ট পাবে। এরপর টাইব্রেকারে জয়ী দল পাবে আরও একটি বোনাস পয়েন্ট। অর্থাৎ ড্র করা ম্যাচ থেকে জয়ী দল নিয়ে যাবে ২ পয়েন্ট, হেরে যাওয়া দল পাবে ১ পয়েন্ট।

তবে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ফল ড্র হিসেবেই নথিভুক্ত হবে। ৯০ মিনিটের পর কোনো অতিরিক্ত সময়ও থাকবে না। সরাসরি পেনাল্টিতে নির্ধারণ করা হবে বাড়তি পয়েন্ট কার ভাগ্যে যাচ্ছে।

স্বাভাবিক সময়ে জিতলে আগের মতোই পাওয়া যাবে ৩ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট নেই।

আয়োজকদের মতে, এই নিয়মের লক্ষ্য শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে উত্তেজনা ধরে রাখা এবং ফুটবলারদের চাপের মধ্যে পেনাল্টি নেওয়ার বাস্তব অভিজ্ঞতা দেওয়া। ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরই নিয়মটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়মটি অবশ্য শুধু প্রতিযোগিতার প্রথম পর্বে কার্যকর থাকবে। কোয়ার্টার ফাইনাল থেকে আবার প্রচলিত নকআউট নিয়মে ফিরবে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। তখন ৯০ মিনিটে সমতা থাকলে অতিরিক্ত সময় এবং প্রয়োজন হলে পেনাল্টি টাইব্রেকার হবে।

১৬ দলের এই প্রতিযোগিতায় চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

পেনাল্টিতে বাড়তি পয়েন্ট দেওয়ার ধারণাটি অবশ্য অস্ট্রেলিয়ান ফুটবলে একেবারে নতুন নয়। দেশটির সাবেক শীর্ষ লিগ ন্যাশনাল সকার লিগের ১৯৯৪-৯৫ মৌসুমেও একই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত লিগস কাপেও দেখা গেছে এই নিয়ম।