logo

সিঙ্গাপুরের কাছে দুই হারের শোধ চান শমিত সোম

সিঙ্গাপুরের কাছে দুই হারের শোধ চান শমিত সোম
বাংলাদেশের মিডফিল্ডার শমিত সোম। ছবি: বাফুফের ভিডিও থেকে নেয়া

সিঙ্গাপুরের কাছে টানা দুই হারের স্মৃতি এবার বদলাতে চান শমিত সোম। ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ মিডফিল্ডার বলছেন, পুরোনো হিসাব মেটানোর জন্য এটাই ভালো সুযোগ।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। ফলে টিকে থাকার লড়াইয়ে সোমবারের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

গত এক বছরে সিঙ্গাপুরের বিপক্ষে দুইবার খেলেছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় ২-১ এবং অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজরা। দুই ম্যাচেই ছিলেন শমিত।

ম্যাচের আগের দিন বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত এক বছরে তাদের বিপক্ষে আমরা দুটি ম্যাচ খেলেছি। আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তারা কীভাবে খেলেছে, সেটিও দেখেছি। সেখান থেকে আমরা শিখেছি কীভাবে তাদের আক্রমণ থামাতে হবে এবং নিজেদের সুযোগ কাজে লাগাতে হবে।’

এরপরই প্রতিশোধের প্রসঙ্গ টানেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘অতীতে তাদের কাছে আমরা দুবার হেরেছি। তাই এবার প্রতিশোধ নেওয়ার একটা তাগিদ আছে।’

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পারফরম্যান্সে দলের কেউই সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন শমিত। তবে সেই হতাশা পেছনে ফেলে সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তারা।

শমিত বলেন, ‘মালয়েশিয়া ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে কেউই খুশি নই। মন সবারই খারাপ। কিন্তু সেখান থেকে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। অতীতে আটকে না থেকে এখন পুরো মনোযোগ সিঙ্গাপুর ম্যাচে।’

আগের দুই হারের পরও সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি। তার মতে, দুই ম্যাচেই বাংলাদেশ সুযোগ তৈরি করেছিল, তবে তা কাজে লাগাতে পারেনি।

‘সিঙ্গাপুর খুব গোছানো দল, তাদের প্রতি আমাদের সম্মান আছে। তারা আমাদের দুবার হারিয়েছে। তবে তাদের বিপক্ষে আমরা ভালো মুহূর্তও তৈরি করেছি, সুযোগ পেয়েছি। সিঙ্গাপুরে এবং ঢাকার ম্যাচে আমরা আরও ভালো ফল পেতে পারতাম,’ বলেন সমিত।

ফিফার কোনো টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা বাংলাদেশের জন্য এই প্রতিযোগিতাকে বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলার মাধ্যমেই বাংলাদেশের ফুটবল এগোবে বলে মনে করেন সমিত।

তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেলাটা আমাদের জন্য গর্বের। শক্তিশালী দলের বিপক্ষে খেলছি। ফুটবলে দেশ হিসেবে উন্নতি করতে হলে এই মানের প্রতিযোগিতায় খেলার সামর্থ্য অর্জন করতেই হবে।’

বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ শুরু হবে সোমবার বেলা ৩টায়। প্রথম ম্যাচে হারের পর দুই দলের কাছেই এখন লক্ষ্য একটাই, জয়ে ফেরা।