logo

আর্জেন্টাইন ফুটবল সভাপতির নিষেধাজ্ঞা ঘিরে ধর্মঘটে যাচ্ছে দেশটির ক্লাবগুলো

আর্জেন্টাইন ফুটবল সভাপতির নিষেধাজ্ঞা ঘিরে ধর্মঘটে যাচ্ছে দেশটির ক্লাবগুলো

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাদিও তাপিয়ার বিরুদ্ধে আদালতের পদক্ষেপকে ‘বিচারিক হয়রানি’ দাবি করে ৫-৮ মার্চ পর্যন্ত ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পেশাদার ক্লাবগুলো। এই সময়ে প্রথম বিভাগসহ লিগের সব ম্যাচ স্থগিত থাকবে বলে জানিয়েছে এএফএ।

সোমবার এক বিবৃতিতে এএফএ জানায়, সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সির (এআরসিএ) দায়ের করা অভিযোগের প্রতিবাদে লিগের নির্বাহী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

এআরসিএর অভিযোগ, ২০২৪ ও ২০২৫ সালে সামাজিক নিরাপত্তা তহবিলে প্রায় ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১৩ মিলিয়ন ডলার) জমা দেওয়া হয়নি। এই অভিযোগের ভিত্তিতে বিচারক দিয়েগো আমারান্তে তাপিয়াকে ৫ মার্চ সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেন এবং সাময়িকভাবে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। একই মামলায় এএফএ কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লরেঞ্জো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও তলব করা হয়েছে।

তবে এএফএ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সংশ্লিষ্ট কর-দায় নির্ধারিত সময়ের আগেই স্বেচ্ছায় পরিশোধ করা হয়েছে।

ধর্মঘট ঘোষণার কিছুক্ষণ আগে বিচারক তাপিয়াকে ২৩-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলম্বিয়া ও ব্রাজিলে সরকারি কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দেন। তিনি মঙ্গলবার ব্যারানকিয়ায় কলম্বিয়া ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং বৃহস্পতিবার রিও ডি জেনেইরোতে কনমেবলের কাউন্সিল সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কনমেবলে তিনি দ্বিতীয় সহসভাপতির দায়িত্বে আছেন।

ধর্মঘট কার্যকর হলে নির্ধারিত লিগ সূচি ব্যাহত হবে এবং ক্লাব, সম্প্রচার সংস্থা ও সমর্থকদের ওপর প্রভাব পড়বে। এদিকে, তাপিয়ার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় বিষয়টি ক্রীড়া অঙ্গনের বাইরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সূত্র : টিওয়াইসি স্পোর্টস