logo

বিদায়ের আগে মেসি, ‘আমি শান্ত মনে বিদায় নিচ্ছি, সবটুকু দিয়েছি’

বিদায়ের আগে মেসি, ‘আমি শান্ত মনে বিদায় নিচ্ছি, সবটুকু দিয়েছি’
লিওনেল মেসি। ছবি: অ্যাডিডাসের ভিডিও থেকে নেওয়া

আর মাত্র কয়েক ঘণ্টা এরপরই প্রিয় আকাশি-সাদা জার্সিকে বিদায় বলবেন লিওনেল মেসি। সেই বিদায়ের আগে নিজের অনুভূতিটা আর আড়াল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক। প্রিয় জার্সিতে শেষবার মাঠে নামার আগে জানালেন, কোনো আক্ষেপ নিয়ে নয়, পূর্ণতার অনুভূতি নিয়েই বিদায় নিচ্ছেন তিনি।

বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের আগে প্রকাশিত অ্যাডিডাসের এক ভিডিওতে মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। আমি শান্ত মনে বিদায় নিচ্ছি, সবটুকু দিয়েছি।’

আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের সম্পর্কটাও কয়েকটি কথায় তুলে ধরেছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। তার ভাষায়, ‘এই জার্সিটা ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’

মেসির বিদায় উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওতেই এসেছে মেসির এই বার্তা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ... সারাজীবনের জার্সি।’

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫টায়। জাতীয় দলের হয়ে এটি হবে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।

২১ বছর আগে ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বিদায়ের আগে ২০৭ ম্যাচে ১২৫ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা ফুটবলার তিনি।

তবে এই দীর্ঘ পথটা শুধু সাফল্যের ছিল না। বিশ্বকাপ ও কোপা আমেরিকার একের পর এক ফাইনাল হার, জাতীয় দল ছাড়ার ঘোষণা এবং দীর্ঘ শিরোপা-অপেক্ষাও ছিল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের অংশ।

অপেক্ষা শেষ হয় ২০২১ সালে। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপও ওঠে তার হাতে। ২০২৪ সালে জেতেন আরেকটি কোপা আমেরিকা।

শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান মেসি। স্পেনের কাছে হেরে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ হারানোর কয়েক সপ্তাহ পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি।