মেসি নেই, সুয়ারেজের জোড়া গোলে লেভানডফস্কির অভিষেক মাটি

একদিকে লিওনেল মেসিবিহীন ইন্টার মায়ামি, অন্যদিকে শিকাগো ফায়ারের জার্সিতে রবার্ট লেভানডফস্কির বহুল প্রতীক্ষিত অভিষেক। দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত আলো কেড়ে নিলেন আরেক অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজ।
উরুগুইয়ান ফরোয়ার্ডের জোড়া গোল এবং বদলি নামা প্রেস্টন প্লামবেকের শেষ মুহূর্তের গোলে শিকাগোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। হারের কারণে মেজর লিগ সকারে লেভানডফস্কির অভিষেকটা স্মরণীয় হতে পারল না।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের চার দিন পর মাঠে নামে মায়ামি। জাতীয় দলের ব্যস্ততা শেষে বিশ্রামে থাকায় ম্যাচটিতে ছিলেন না মেসি ও রদ্রিগো দি পল। তাদের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নিয়ে আক্রমণভাগের নেতৃত্ব দেন সুয়ারেজ।
ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ১৮ মিনিটে সতীর্থ ইয়ান ফ্রের ব্যাকপাস নিয়ন্ত্রণ করতে গিয়ে বলেই পা লাগাতে পারেননি গোলরক্ষক রোকো রিওস নোভো। তার পায়ের ফাঁক দিয়ে বল জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় শিকাগো।
এর চার মিনিট আগে গোলের সুযোগ পেয়েছিলেন লেভানডফস্কি। তবে পোলিশ তারকার প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা বাড়ায় মায়ামি। ২৬ মিনিটে ডেভিড রুইজকে নিজেদের বক্সে ফাউল করেন শিকাগোর ডিফেন্ডার জ্যাক এলিয়ট। পেনাল্টির সিদ্ধান্ত এলে ২৮ মিনিটে গোল করে ব্যবধান ১-১ করেন সুয়ারেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও দেখা যায় তার ঝলক। ৫১ মিনিটে সুয়ারেসের পাস ধরে অসাধারণ ব্যাকহিলে বলটি তাকে ফিরিয়ে দেন হেরমান বেরতেরামে। ফিরতি বল পেয়ে প্রথম স্পর্শের শটে মায়ামিকে ২-১ গোলে এগিয়ে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
এই গোলের মধ্য দিয়ে ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন সুয়ারেস। ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ম্যাচটি ছিল মায়ামির জার্সিতে তার শততম উপস্থিতিও।
অন্যদিকে শিকাগোর হয়ে প্রথম ম্যাচে ৬৩ মিনিট মাঠে ছিলেন লেভানডফস্কি। গোলের দেখা না পেয়েই তাকে তুলে নেন কোচ। তবে পোলিশ তারকা মাঠ ছাড়ার চার মিনিট পর সমতায় ফেরে শিকাগো। ৬৭ মিনিটে পুসো দিতেহানের গোলে স্কোরলাইন হয় ২-২।
ম্যাচটি ড্রয়ের দিকে এগোতে থাকলেও ৮৭ মিনিটে বদলে যায় চিত্র। সুয়ারেসের কাছ থেকে আসা শট ঠেকিয়ে দেন শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি। তবে ফিরতি বল দ্রুত জালে পাঠান ২০ বছর বয়সী প্লামবেক। মায়ামির মূল দলের হয়ে এবং এমএলএসে এটিই তার প্রথম গোল।
শেষ দিকে সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি শিকাগো। ফলে লেভানডফস্কির অভিষেকের ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এটি এমএলএসে তাদের টানা পঞ্চম জয়।
.png)






