Advertisement

অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কে?

এশিয়া পোস্ট স্পোর্টস
অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কে?
ব্রাজিল ফুটবল দল। ছবি: গেটি ইমেজ

কলকাতার ফুটবলপ্রেমীদের সামনে এবার দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বিশ্বকাপের পর নিজেদের তৃতীয় প্রীতি ম্যাচটি ভারতে খেলার পরিকল্পনা করছে সেলেসাওরা। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে কলকাতা।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। সবকিছু পরিকল্পনামতো হলে অক্টোবরের শুরুতে কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

সাম্প্রতিক বিশ্বকাপ চলাকালেই সম্ভাব্য ম্যাচটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বর্তমানে চুক্তির শেষ দিকের বিষয়গুলো নিয়ে কাজ চলছে। তবে সিবিএফ এখনো ম্যাচটির তারিখ, ভেন্যু কিংবা প্রতিপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ফিফার বর্ধিত আন্তর্জাতিক বিরতির তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজন করতে চায় সিবিএফ। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে।

ফিফার এবারের আন্তর্জাতিক বিরতি চলবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। টানা দুই সপ্তাহের বেশি সময় পাওয়ায় একই সফরে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচগুলো রাখতে পারছে ব্রাজিল।

ভারত, বিশেষ করে কলকাতায় ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পাশাপাশি নতুন আন্তর্জাতিক বাজারে জাতীয় দলের উপস্থিতি বাড়াতে চায় সিবিএফ। ইউরোপের অধিকাংশ দল এ সময় উয়েফার প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় ব্রাজিলের জন্য এশিয়ার কোনো প্রতিপক্ষ বেছে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। অস্ট্রেলিয়া সফরের ম্যাচগুলো দিয়ে ২০৩০ বিশ্বকাপের নতুন যাত্রা শুরু করবে তারা। সেই যাত্রার অংশ হিসেবেই কলকাতা সফরের পরিকল্পনা করা হচ্ছে।