Advertisement

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস
ব্রুনো ফার্নান্দেস। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ ইতিহাসের বিশেষ এক তালিকায় নাম লিখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ব্রুনো ফার্নান্দেস। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-২ গোলের জয়ে ব্রায়ান এমবেউমোর গোলটি তৈরি করে চলতি মৌসুমে নিজের ২০তম অ্যাসিস্ট পূর্ণ করেছেন ইউনাইটেড অধিনায়ক। এতে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পাশে বসেছেন পর্তুগিজ মিডফিল্ডার।

Advertisement

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭৬ মিনিটে ডান দিক থেকে দারুণ ক্রস দেন ফার্নান্দেস। সেই বল জালে পাঠান এমবেউমো। গোলটি ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয়, আর ফার্নান্দেসকে নিয়ে যায় প্রিমিয়ার লিগের ইতিহাসের অভিজাত ক্লাবে।

২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে ২০ অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন অঁরি। ২০১৯-২০ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সেই রেকর্ডে ভাগ বসান ডি ব্রুইনা। এবার একই কীর্তিতে নাম লেখালেন ফার্নান্দেস। মৌসুমে ইউনাইটেডের এখনও একটি ম্যাচ বাকি, তাই এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগও থাকছে তার সামনে।

চলতি মৌসুমে ইউনাইটেডের আক্রমণভাগের মূল কেন্দ্রবিন্দু ছিলেন ফার্নান্দেস। মাইকেল ক্যারিকের দলের খেলার ছন্দ, সেট-পিস, ওপেন প্লে সব জায়গাতেই তার প্রভাব স্পষ্ট। এই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে তিনি এফডব্লিউএ ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন।

ফার্নান্দেজ সম্প্রতি মেসুত ওজিলকে ছাড়িয়ে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় তৃতীয় স্থানে উঠেছিলেন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে বেনিয়ামিন সেসকোকে গোল করিয়ে ১৯ অ্যাসিস্টে পৌঁছান তিনি। এরপর লিভারপুলের বিপক্ষে ২০তম অ্যাসিস্টের সুযোগ হাতছাড়া হলেও ফরেস্টের বিপক্ষে আর অপেক্ষা বাড়েনি।

রেকর্ড নিয়ে যে ভাবছিলেন, সেটি লুকাননি ফার্নান্দেজও। লিভারপুল ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে তিনি বলেছিলেন, ‘অবশ্যই এটা আমার মাথায় আছে, এটা নিয়ে মিথ্যা বলব না।’

অঁরি ও ডি ব্রুইনার মতো দুই কিংবদন্তির পাশে নিজের নাম ওঠার সম্ভাবনাকে গর্বের বলেও উল্লেখ করেছিলেন তিনি।

ফার্নান্দেজের সামনে আরেকটি রেকর্ডও আছে। চলতি মৌসুমে সেট-পিস থেকে তার অ্যাসিস্ট ১০টি। ২০১৩-১৪ মৌসুমে স্টিভেন জেরার্ড সেট-পিস থেকে ১১ অ্যাসিস্ট করেছিলেন। শেষ ম্যাচে একটি সেট-পিস অ্যাসিস্ট করলে জেরার্ডকে ছুঁবেন ফার্নান্দেজ, দুটি করলে ছাড়িয়ে যাবেন।

ইউনাইটেডের ইতিহাসেও তার অবস্থান ক্রমেই বড় হচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তার অ্যাসিস্ট এখন ১০২টি। রায়ান গিগস, ওয়েইন রুনি ও ডেভিড বেকহামের পর ইউনাইটেডের হয়ে ১০০ অ্যাসিস্ট ছোঁয়া মাত্র চতুর্থ খেলোয়াড় তিনি।