Advertisement

চুক্তি নবায়নে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়ালের

এশিয়া পোস্ট স্পোর্টস
চুক্তি নবায়নে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়ালের
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: বিবিসি

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকাকে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত বলে তার প্রতিনিধিদের জানিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। প্রস্তাবটি গ্রহণ না করলে চলতি গ্রীষ্মেই তাকে বিক্রির সম্ভাবনা বিবেচনা করবে তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, কয়েক মাস ধরে চলা আলোচনায় দুই পক্ষের কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। সর্বশেষ আর্সেনালের আগ্রহের খবর সামনে আসার পর ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

ক্লাবটির বার্তা স্পষ্ট। বর্তমান শর্ত মেনে নিলে ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তবে বেতন বাড়িয়ে নতুন কোনো প্রস্তাব দেওয়া কিংবা আরেক দফা আলোচনায় বসার পরিকল্পনা নেই।

রিয়াল এখনো ভিনিসিয়ুসকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই বিবেচনা করে। গত কয়েক মৌসুমে তার অবদানের উপযুক্ত আর্থিক মূল্য দিতেও প্রস্তুত তারা। তবে একজন খেলোয়াড়ের জন্য দলের নির্ধারিত বেতনকাঠামো ভাঙতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা।

ভিনিসিয়ুস প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করতে দিতে চায় না রিয়াল। তেমনটি হলে ভবিষ্যতে ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকি তৈরি হবে। তাই নতুন চুক্তিতে সম্মতি না এলে গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রির দরজা খুলে দেওয়া হবে।

আর্সেনাল ইতিমধ্যে ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে মার্কা। তবে ইংলিশ ক্লাবটি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দিয়েছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

রিয়ালের আক্রমণভাগেও প্রতিযোগিতা বাড়তে যাচ্ছে। দুই প্রান্তেই খেলতে সক্ষম দিয়োমান্দের সম্ভাব্য আগমন কোচ হোসে মরিনহোর হাতে নতুন বিকল্প তুলে দেবে। ফলে চুক্তির জটিলতা চলতে থাকলে ভিনিসিয়ুসের বেঞ্চে চলে যাওয়ার সম্ভাবনাও আর উড়িয়ে দিচ্ছে না ক্লাবটি।

এখন সিদ্ধান্ত ভিনিসিয়ুসের। রিয়ালের চূড়ান্ত শর্ত মেনে দীর্ঘমেয়াদি চুক্তি করবেন, নাকি গ্রীষ্মেই নতুন ঠিকানার সন্ধানে নামবেন, সেটিই দেখার অপেক্ষা।