শেষ মুহূর্তে কেন আসিয়ান কাপের দল থেকে বাদ তপু

ফিফা আসিয়ান কাপ শুরুর আগে বাংলাদেশের চূড়ান্ত দলে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে। চোটের কারণে ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত হালনাগাদ চূড়ান্ত স্কোয়াডে তপুর নাম নেই। সেখানে নতুন করে জায়গা পেয়েছেন শাহরিয়ার ইমন। এর আগে ঘোষিত ২৩ সদস্যের দলে তপু থাকলেও ইমন ছিলেন না।
তপু জাতীয় দলের রক্ষণভাগের অভিজ্ঞ মুখ। তাই টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তার ছিটকে যাওয়া বাংলাদেশের রক্ষণ পরিকল্পনায় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তবে চোটের ধরন বা কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি বাফুফে।
ইমন অবশ্য জাতীয় দলের সাম্প্রতিক ক্যাম্পে ছিলেন। আক্রমণভাগের এই ফুটবলার শেষ পর্যন্ত মূল দলে জায়গা না পেলেও তপুর চোটে আবার সুযোগ পেলেন।
ইন্দোনেশিয়ায় ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে থমাস ডুলির দল।


