logo

ইতালির কোচ হতে পারেন গার্দিওলা, তবে বড় বাধা বেতন

ইতালির কোচ হতে পারেন গার্দিওলা, তবে বড় বাধা বেতন

ইতালির ফুটবলে নতুন দিকনির্দেশনার খোঁজ চলছে বেশ কিছুদিন ধরেই। সেই প্রেক্ষাপটে এমন একটি নাম সামনে এসেছে, যা স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্র দখল করেছে। ইতালি ফুটবল ফেডারেশন নাকি কোচ হিসেবে বিবেচনা করছে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকে।

এই ভাবনাটা যতটা আকর্ষণীয়, বাস্তবায়ন ততটাই কঠিন। সবচেয়ে বড় বাধা অর্থ। বার্সার সাবেক এই কোচ হিসেবে গার্দিওলার বর্তমান বেতন ইতালির সামর্থ্যের অনেক বাইরে। সাম্প্রতিক সময়েও জাতীয় দলের কোচদের যে পারিশ্রমিক দেওয়া হয়েছে, তার সঙ্গে এই অঙ্কের তুলনাই চলে না।

তবে পুরো বিষয়টি এখানেই থেমে নেই। অতীতে যেমন আন্তোনিও কন্তের সময় স্পনসর এগিয়ে এসে বেতনের বড় অংশ বহন করেছিল, এবারও তেমন একটি পথ খোঁজা হচ্ছে। শোনা যাচ্ছে, গার্দিওলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান পুমা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

এই পরিকল্পনার পেছনে কেবল কোচ বদলের চিন্তা নেই, বরং ইতালির ফুটবলের সামগ্রিক ভাবমূর্তি নতুন করে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। দীর্ঘদিন ধরে প্রত্যাশা পূরণে ব্যর্থতার পর দলকে নতুনভাবে সাজাতে চায় ফেডারেশন।

গার্দিওলার সঙ্গে ইতালির একটা ব্যক্তিগত যোগও আছে। খেলোয়াড় হিসেবে তিনি ব্রেসিয়া এবং এএস রোমার হয়ে খেলেছেন। ভাষাটাও জানেন, আর ইতালিয়ান ফুটবল নিয়ে তার প্রশংসা আগেও শোনা গেছে।

জাতীয় দলের কোচিং নিয়েও আগ্রহের কথা আগে প্রকাশ করেছেন তিনি। বড় টুর্নামেন্টে দল পরিচালনার অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন বিভিন্ন সময়ে।

এদিকে ইতালির সাবেক ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিও সম্প্রতি গার্দিওলার নাম প্রস্তাব করে আলোচনাকে আরও উসকে দিয়েছেন। তার মতে, ইতালির বর্তমান পরিস্থিতিতে এমন একজন কোচই প্রয়োজন, যিনি পুরো ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে পারবেন।

তবে বাস্তবতা হলো, গার্দিওলার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি এখনও বহাল আছে এবং তার পুরো মনোযোগ মৌসুম শেষ করার দিকেই। ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও কোনো সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।

সব মিলিয়ে, ইতালির এই পরিকল্পনা আপাতত স্বপ্নের কাছাকাছিই। তবে ফেডারেশনের ভেতরে অন্তত এটুকু ভাবনা তৈরি হয়েছে, সুযোগ থাকলে চেষ্টা করতেই হবে।