বার্সায় যেতে অনড় আলভারেজ, আলোচনায়ই বসছে না আতলেতিকো

বার্সেলোনার জার্সি পরার ইচ্ছা থেকে একচুলও সরছেন না আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। নিজের ভবিষ্যৎ নিয়ে এজেন্টদের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করে আর্জেন্টাইন ফরোয়ার্ড আবারও জানিয়ে দিয়েছেন, তিনি বার্সাতেই যেতে চান। তবে তার পথের সবচেয়ে বড় বাধা তার ক্লাব আতলেতিকো মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সোমবার এজেন্টদের সঙ্গে বৈঠকে আতলেতিকোর সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছেন আলভারেজ। কারণ, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতেই রাজি নয় মাদ্রিদের ক্লাবটি।
ছুটি কাটিয়ে সোমবার আতলেতিকোয় ফিরেছেন আলভারেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছেন। তার আশা ছিল, এরপর ক্লাবের কর্তাদের সঙ্গে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। কিন্তু আতলেতিকোর অবস্থান পরিষ্কার, এ বিষয়ে আলোচনার মতো কিছুই নেই।
আলভারেজ অবশ্য মনে করেন, সব পক্ষের জন্যই দলবদলই সবচেয়ে ভালো সমাধান। দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় খেলার স্বপ্ন রয়েছে তার। হানসি ফ্লিকের দলের অংশ হতে চান বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।
বার্সেলোনাও অনেক আগে থেকেই তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়ে আসছে। কয়েক সপ্তাহ আগে আলভারেজের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আতলেতিকো।
তাদের অবস্থান, আলভারেজকে ছাড়তে হলে তার ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।
পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নিজের প্রতিনিধিদের সঙ্গে নতুন কৌশল ঠিক করেছেন আলভারেজ। তার এজেন্টরা গত সপ্তাহে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গেও বৈঠক করেছেন।
তবে ক্লাব ছাড়ার জন্য অনুশীলন বর্জন বা ধর্মঘটের মতো কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না আলভারেজ। আলোচনার মাধ্যমেই আতলেতিকোকে রাজি করাতে চান তিনি।
অন্যদিকে আক্রমণভাগ শক্তিশালী করতে বার্সেলোনার প্রথম পছন্দ হিসেবেই রয়েছেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন। এখন আলভারেজের ইচ্ছার সামনে আতলেতিকোর কঠোর অবস্থান বদলায় কি না, সেটিই দেখার বিষয়।
.png)


