logo
Advertisement

রদ্রিকে কেন নেয়নি রিয়াল, জানালেন মরিনহো

এশিয়া পোস্ট স্পোর্টস
রদ্রিকে কেন নেয়নি রিয়াল, জানালেন মরিনহো
হোসে মরিনহো ও রদ্রি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে পেতে আগ্রহী ছিল ম্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমনকি স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাও বলেছিলেন কোচ হোসে মরিনহো। তবে রিয়ালকে না বলে ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী পাড়ি জমান চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডেরায়। এবার বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারের সান্তিয়াগো বার্নাব্যুতে না আসা নিয়ে মুখ খুলেছেন রিয়ালের পর্তুগিজ কোচ।

Advertisement

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতোকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিকে ঘিরে রিয়ালের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মরিনহো। ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার নীতিগত সমঝোতার পর বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

মরিনহো জানান, রদ্রির সঙ্গে দুই দফা কথা হয়েছিল তার। রিয়ালও ৩০ বছর বয়সী মিডফিল্ডারের সামনে বড় প্রস্তাব রেখেছিল।

তিনি বলেন, ‘আমি রদ্রির সঙ্গে কয়েকবার কথা বলেছি। রিয়াল মাদ্রিদ তাকে খুব ভালো একটি প্রস্তাব দিয়েছিল। সিটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই ক্লাব তার সঙ্গে যোগাযোগ করে এবং গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দেয়।’

তবে সমস্যা তৈরি হয় রদ্রির সিদ্ধান্তহীনতায়।

মরিনহো বলেন,

রদ্রির কিছু সংশয় ছিল, সে দ্বিধায় ছিল। আর রদ্রির সেই দ্বিধাই আমার মধ্যেও সংশয় তৈরি করে।

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়কের সামর্থ্য নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই মরিনহোর। তাকে ‘অসাধারণ ফুটবলার’ বলেই উল্লেখ করেছেন রিয়াল কোচ। তবে তার মতে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে আসার সুযোগ নিয়ে কোনো খেলোয়াড়ের দ্বিতীয়বার ভাবা উচিত নয়।

‘রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব, যেখানে কোনো খেলোয়াড়কে দুবার ভাবতে দেখার সুযোগ নেই। আপনি তার সঙ্গে যোগাযোগ করবেন, আর সে জিজ্ঞেস করবে, “আমাকে কখন আসতে হবে?” ধারণাটা এমনই,’ বলেন মরিনহো।

রদ্রির পেশাদারিত্বেরও প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে বার্সেলোনায় সম্ভাব্য নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে।

মরিনহো বলেন, ‘সে আমাদের সঙ্গে খুবই পেশাদার ছিল। তার সম্পর্কে নেতিবাচক কিছু বলার নেই। আমি তার ভালো চাই। অবশ্য খুব বেশি ভালো নয়, কিন্তু ভালো চাই।’

রদ্রিকে দলে নেওয়ার লড়াইয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে কি না, সেই প্রশ্নও করা হয়েছিল মরিনহোকে। সেটিও উড়িয়ে দিয়েছেন তিনি।

রিয়াল কোচের জবাব, ‘জয় মাঠে পাওয়া যায়, শিরোপা জিতে পাওয়া যায়। জয় সেখানেই।’

ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ এক বছরেরও কম। নতুন চুক্তিতে সই করার আগ্রহ না দেখানো স্প্যানিশ তারকাকে পেতে শেষ পর্যন্ত এগিয়ে যায় বার্সেলোনা। দুই ক্লাব ৭ কোটি ৬৫ লাখ ইউরো পর্যন্ত মূল্যের একটি চুক্তিতে নীতিগত সমঝোতায় পৌঁছে। বার্সেলোনার সাথে ইতিমধ্যে ৪ বছরের চুক্তিতেও সাক্ষর করেছেন তিনি।

রদ্রিকে পাওয়া না গেলেও নতুন মিডফিল্ডার নিয়ে খুব একটা চিন্তিত নন মরিনহো। বর্তমান রিয়াল স্কোয়াড নিয়ে তিনি সন্তুষ্ট এবং তার দৃষ্টিতে এই মুহূর্তে নতুন কোনো খেলোয়াড়ের প্রয়োজনও নেই।

রদ্রির ক্ষেত্রে তাই মরিনহোর আক্ষেপ খেলোয়াড়কে না পাওয়া নিয়ে নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার সময় তার দ্বিধা নিয়ে। রিয়াল কোচের কাছে বার্তাটা পরিষ্কার, মাদ্রিদে আসার সুযোগ পেলে সিদ্ধান্ত হওয়া উচিত তাৎক্ষণিক।

রদ্রিকে কেন নেয়নি রিয়াল, জানালেন মরিনহো