বাংলাদেশি বংশোদ্ভূত কুইনের মাথায় ‘বাড়ি’ মেরে শাস্তি পেলেন মেসি
-f2588a-720x405.webp)
মাঠে রেফারির শাস্তি এড়িয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে ক্যামেরায় ধরা পড়া ঘটনা পর্যালোচনার পর আর রক্ষা হলো না। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের মাথার পেছনে হাত দিয়ে ‘বাড়ি’ মারায় আর্জেন্টাইন তারকাকে জরিমানা করেছে মেজর লিগ সকার।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ড্র ম্যাচের যোগ করা সময়ের ঘটনা এটি। মাঠের অন্য প্রান্তে খেলা চলার সময় মাঝমাঠে কুইনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে পেছন থেকে তার মাথা ও ঘাড়ের সংযোগস্থলে হাত দিয়ে আঘাত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।
এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে তর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। তবে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এমএলএসের শৃঙ্খলা কমিটি।
এমএলএসের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা অথবা ঘাড়ে হাত দেওয়া সংক্রান্ত লিগের নীতি ভেঙেছেন মেসি। এ কারণে তাকে জরিমানা করা হয়েছে। তবে অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
একই ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। তবে মেসির ওপর কোনো ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ফলে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে খেলতে তার বাধা নেই।
ম্যাচটির শেষ মুহূর্তে আরও কয়েকজন ফুটবলার সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। পরে ফিলাডেলফিয়ার আবেদনের ভিত্তিতে স্বাধীন পর্যালোচনা প্যানেল কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে। কাভান সম্পর্কে কুইনের ছোট ভাই।
বিতর্কে জড়ালেও ম্যাচে ইন্টার মায়ামির দুই গোলেই অবদান ছিল মেসির। একটি গোল করার পাশাপাশি অন্যটিতে সহায়তা ছিল তার। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তার দল।
২২ বছর বয়সী কুইন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও তার শিকড় বাংলাদেশে। ফিলাডেলফিয়া ইউনিয়নের তথ্য অনুযায়ী, তিনি তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত। তার নানি সুলতানা আলমের বাড়ি ছিল ঢাকায়। কুইনের মা হাইকে ক্রিপেনডর্ফ বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত।
ম্যাচের মধ্যে মেসির ‘বাড়ি’ খাওয়ার পর এবার সেই বাংলাদেশি সংযোগের কারণেই ঘটনাটি দেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।



