logo

সংগ্রাম পেরিয়ে জয়, ক্রীড়াঙ্গনে নারীরাই এখন দেশের গর্ব

সংগ্রাম পেরিয়ে জয়, ক্রীড়াঙ্গনে নারীরাই এখন দেশের গর্ব

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীরা হয়ে উঠেছেন সাফল্যের অন্যতম মুখ। সুযোগ-সুবিধা কম, নেই তেমন বেতনও। সঙ্গী অবহেলা আর নানা প্রতিকূলতা। তবুও নারীরাই এনে দিচ্ছেন একের পর এক সাফল্য। এশিয়া কাপ কিংবা সাফ চ্যাম্পিয়নশিপ-দুটোতেই নারীদের সফলতার হার বেশি। শুধু তাই নয়, বাংলার মেয়েদের হাত ধরেই ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের নাম দেখার স্বপ্ন দেখছে ক্রীড়াপ্রেমীরা। 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীরা অনেক সাফল্য এনে দিলেও তাদের চলার পথ মোটেও সহজ ছিল না কিংবা এখনও নেই। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। বিশেষ করে সামাজিক ও পারিবারিক বাধা, সুযোগ-সুবিধার ঘাটতি, অর্থনৈতিক সমস্যা, নিরাপত্তা এবং ক্যারিয়ার অনিশ্চয়তা অন্যতম।

শত প্রতিকূলতার মাঝেও নারীরাই উজ্জ্বল করছে দেশের নাম। বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও বাংলার মেয়েরা ঠিকই পেরেছে। ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে তারা। ফুটবলেও নারীদের হাত ধরে একাধিকবার এসেছে সাফের শিরোপা। তাছাড়া দেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছেন রাণী হামিদ, জোবেরা রহমান লিনু, সাবিনা খাতুন, সালমা খাতুন, সাবরিনা সুলতানা, মাবিয়া আক্তার সীমান্তের মতো উজ্জ্বল নক্ষত্ররা। 

নারীরাই আজ স্বপ্ন দেখাচ্ছে, উজ্জ্বল করছে দেশের নাম। সুযোগ-সুবিধা সীমিত হলেও দেশের জন্য লড়াই করার অদম্য ইচ্ছাশক্তিতে তারা এগিয়ে চলেছে নিরন্তর। প্রতিটি জয়, প্রতিটি অর্জন প্রমাণ করে—সমর্থন আর সুযোগ বাড়লে বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চেও আরও বড় সাফল্য এনে দিতে সক্ষম। তাই তাদের এই অগ্রযাত্রা শুধু ক্রীড়াঙ্গনের নয়, পুরো জাতির জন্যই গর্ব ও অনুপ্রেরণার।